গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ২৩টি দল ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের প্রতিষ্ঠানে অভিযান চালায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ...
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ২৩টি দল ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের প্রতিষ্ঠানে অভিযান চালায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায় বন্ধ করতে এ তদারকি করা হয়।
অভিযানে দোকানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে ভাউচার দেওয়া হচ্ছে কি না, সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।
এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে সিলিন্ডার মজুত এবং সরবরাহে বাধা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি এবং দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখার বিষয়ে সতর্ক করা হয়।
গ্যাস সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান কোনো ত্রুটি আছে কি না তা যাচাই করতে ভোক্তাদের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কেনার সময় মূল্যতালিকা দেখে রশিদ বা ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।
গ্যাস সিলিন্ডার বিক্রিতে কোনো অনিয়ম দেখা গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন **১৬১২১**-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।
বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।