অর্থ বাণিজ্য প্রতিবেদক :   শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে (এফআরসি) আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। একই সঙ্গে শেয়ারবাজারের নজরদারি ব্যবস্থা আধুনিকায়ন করে প্রতারণা ও দুর্নীতি শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে (এফআরসি) আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। একই সঙ্গে শেয়ারবাজারের নজরদারি ব্যবস্থা আধুনিকায়ন করে প্রতারণা ও দুর্নীতি শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।

নাজমা মোবারেক বলেন, দেশের আর্থিক খাতের বর্তমান অবস্থার পেছনে নিরীক্ষকদেরও বড় ভূমিকা রয়েছে। নিরীক্ষকদের আর্থিক প্রতিবেদন তৈরির মান ও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, সেটি দেখার দায়িত্ব এফআরসির। তাই এফআরসিকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমরা ১৬-১৭ বছর ধরে বলছি, আর্থিক খাত এতটা খারাপ অবস্থায় পৌঁছেছে। এখানে অডিটরদেরও অনেক বড় ভূমিকা ছিল। অডিটরদের রিপোর্টিংয়ের যে মানদণ্ড, সেটার দায়িত্ব এফআরসির। এটি মনিটর করার দায়িত্বও এফআরসির। এফআরসিকে আমাদের আরও শক্তিশালী করা দরকার।’

শেয়ারবাজারে প্রতারণা শনাক্তে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বলেন, ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করতে হবে।

তিনি বলেন, শেয়ারবাজারে প্রায়ই প্রতারণার ঘটনা ঘটে। কিন্তু অনেক ক্ষেত্রে তা শনাক্ত করা যায় না। তাই নজরদারি ব্যবস্থা আধুনিকায়ন করা গেলে প্রতারণা শনাক্ত করা সম্ভব হবে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা যাবে।

বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে নাজমা মোবারেক বলেন, শুধু বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করলেই হবে না। বছরজুড়েই নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে অনলাইনে আর্থিক জ্ঞান বা ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

তিনি বলেন, ‘এই সপ্তাহের আয়োজন শুধু এই সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম হওয়া উচিত। যারা শেয়ারবাজারের সঙ্গে যুক্ত, প্রত্যেকেরই নিয়মিতভাবে অনলাইনে মানুষকে আর্থিক জ্ঞান দেওয়া দরকার।’

এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গেও তিনি কথা বলেছেন বলে জানান। পাশাপাশি শেয়ারবাজারের সার্ভেল্যান্স বা নজরদারি ব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, এটি করা গেলে অনেক প্রতারণা শনাক্ত করা সম্ভব হবে এবং দুর্নীতিবাজদেরও ধরা যাবে।

নাজমা মোবারেক বলেন, আধুনিক নজরদারি ব্যবস্থা, নিয়মিত আর্থিক শিক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর মাধ্যমে শেয়ারবাজারকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।