যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড-সংক্রান্ত নিষেধাজ্ঞার পরও ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের কেনার চাপ বাড়ায় শুক্রবার (৯ অক্টোবর) সেনসেক্স ৮৭৯ পয়েন্ট এবং নিফটি ২৮৮ পয়েন্ট বেড়েছে। আগের দিনের বড় দরপতনের পর বাজারের এই উত্থান অনেকটাই অপ্রত্যাশিত ছিল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের চারটি বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান—টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, উইপ্রো ও এইচসিএলটেককে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান কর্মসূচিটির অপব্যবহার ...
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড-সংক্রান্ত নিষেধাজ্ঞার পরও ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের কেনার চাপ বাড়ায় শুক্রবার (৯ অক্টোবর) সেনসেক্স ৮৭৯ পয়েন্ট এবং নিফটি ২৮৮ পয়েন্ট বেড়েছে। আগের দিনের বড় দরপতনের পর বাজারের এই উত্থান অনেকটাই অপ্রত্যাশিত ছিল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতের চারটি বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান—টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, উইপ্রো ও এইচসিএলটেককে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন কর্মসূচি থেকে সাময়িকভাবে স্থগিত করে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান কর্মসূচিটির অপব্যবহার করছে, যার ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এই ঘোষণার পর তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে আরও দরপতনের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শুক্রবার উল্টো চিত্র দেখা যায়। সাম্প্রতিক দরপতনের পর কম দামে শেয়ার কেনার সুযোগ কাজে লাগান বিনিয়োগকারীদের একাংশ। ফলে তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে চাঙাভাব ফিরে আসে।
দিনের লেনদেন শেষে সেনসেক্স বেড়ে দাঁড়ায় ৭২ হাজার ৪৭২ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৫০-এর অবস্থান হয় ২২ হাজার ৫০০ পয়েন্টের কাছাকাছি। এদিন নিফটি মিডক্যাপ ১০০ সূচক ১ দশমিক ৪৬ শতাংশ এবং স্মলক্যাপ ১০০ সূচক ০ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের পর কম দামে কেনাকাটা, টিসিএসের ত্রৈমাসিক আর্থিক ফলাফল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে আয় বাড়ার সম্ভাবনা—এই বিষয়গুলো বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ থাকলেও বিনিয়োগকারীদের কেনাকাটায় বাজার ঘুরে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজারে বড় দরপতন হয়। সেদিন বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ১৩ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করেন। তেলের দাম বৃদ্ধি ও বাজারে বিক্রির চাপের মধ্যে সূচকও ব্যাপকভাবে কমে যায়। পরদিন তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারে কেনাকাটা বাড়ায় সেই ক্ষতির একটি অংশ পুষিয়ে নেয় বাজার।
