অর্থ বাণিজ্য প্রতিবেদক :    শেয়ারবাজারে প্রতারণা বন্ধ, স্বচ্ছতা নিশ্চিত এবং কার্যকর নজরদারি জোরদার করা গেলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে। এ জন্য বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের প্রতারণার ঘটনা ঘটলে শুরুতেই তা প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল প্রতারণা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে প্রতারণা বন্ধ, স্বচ্ছতা নিশ্চিত এবং কার্যকর নজরদারি জোরদার করা গেলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে। এ জন্য বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের প্রতারণার ঘটনা ঘটলে শুরুতেই তা প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল প্রতারণা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিআইসিএম ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারে ‘স্মার্ট বিনিয়োগ: বিনিয়োগকারীদের সচেতনতা, বাজারের স্বচ্ছতা ও প্রতারণা প্রতিরোধ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান।

প্রতারণা ঠেকাতে সবাইকে প্রহরীর ভূমিকা পালনের আহ্বানসেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম বলেন, এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য বাংলাদেশের শেয়ারবাজারের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাজারে কোনো ধরনের প্রতারণা দেখা গেলে শুরুতেই তা বন্ধ করার উদ্যোগ নিতে হবে। প্রতারণা বন্ধ করা গেলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করা সম্ভব হবে।

অন্যের কথায় নয়, বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে বুঝে-শুনেবিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের আগে ভালোভাবে বুঝে-শুনে সিদ্ধান্ত নিতে হবে। নিজের বিনিয়োগের হিসাব নিজেকেই রাখতে হবে। অন্যের কথায় পরিচালিত হলে চলবে না।

তিনি বলেন, টাকা যেহেতু নিজের, তাই বিনিয়োগের সিদ্ধান্তও নিজের হওয়া উচিত। অন্যের সিদ্ধান্ত অনুসরণ করে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানি ও বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে যথাযথ ধারণা নেওয়া জরুরি।

দ্রুত মুনাফার চিন্তা বাদ দিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরামর্শসেমিনারে সভাপতির বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বলেন, দেশের শেয়ারবাজারে অধিকাংশ বিনিয়োগকারী স্বল্পমেয়াদে বিনিয়োগ করে দ্রুত মুনাফা অর্জন করতে চান। তবে পুঁজিবাজার মূলত দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা।

তিনি বলেন, ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ভালো ফল পাওয়ার সুযোগ থাকে। তাই বিনিয়োগকারীদের স্বল্পমেয়াদি মুনাফার চিন্তা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।

ডিজিটাল প্রতারণা প্রতিরোধেও সচেতনতা জরুরিসেমিনারে বক্তারা বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বাজারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিজিটাল প্রতারণা প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর নজরদারি ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

বক্তারা মনে করেন, বিনিয়োগকারীরা ঝুঁকি সম্পর্কে সচেতন হলে এবং বিনিয়োগের আগে যথাযথ তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিলে প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব। একই সঙ্গে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসসিও) উদ্যোগে বিশ্বজুড়ে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’। এর বৈশ্বিক স্লোগান ‘আপনার ভবিষ্যতে বিনিয়োগ করুন, আজই এটিকে সুরক্ষিত করুন।’

এই প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই সেমিনারটির আয়োজন করা হয়। এতে বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ বিআইসিএম ও বিএএসএমের অনুষদ সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।