সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
খেলাধুলা ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সংস্থাটি জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য তাদের কাছে নেই। এমনকি এ বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ ...
খেলাধুলা ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের নাম প্রত্যাহারের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। সংস্থাটি জানিয়েছে, ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো তথ্য তাদের কাছে নেই। এমনকি এ বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ জানায়, প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়েই এবারের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ছয় দলের এই প্রতিযোগিতা। সব ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে।
সাফের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘টুর্নামেন্ট থেকে ভারতের সরে দাঁড়ানোর কোনো খবর আমাদের কাছে নেই। ফলে প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বহাল রয়েছে।’
এবারের প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।