অস্ত্রোপচার শেষে কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা মার্তিনেজের
খেলাধুলা ডেস্ক : মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে আপাতত স্বস্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নিজেই সমর্থকদের আশ্বস্ত করেছেন চেলসির এই গোলকিপার। জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ৩৪ বছর বয়সী মার্তিনেজ। ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোল ছেড়ে এগিয়ে যান তিনি। এ সময় ...
খেলাধুলা ডেস্ক : মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। করাতে হয়েছে অস্ত্রোপচারও। তবে আপাতত স্বস্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর নিজেই সমর্থকদের আশ্বস্ত করেছেন চেলসির এই গোলকিপার। জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরতে পারবেন তিনি।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে চোট পান ৩৪ বছর বয়সী মার্তিনেজ। ম্যাচের ৬৭ মিনিটে এভারটনের ফ্রি-কিক ঠেকাতে গোল ছেড়ে এগিয়ে যান তিনি। এ সময় বল বিপদমুক্ত করতে গিয়ে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। দুজনই মাঠে চিকিৎসা নেন।
ব্র্যান্থওয়েট দ্রুত সুস্থ হয়ে উঠলেও মার্তিনেজকে দীর্ঘ সময় চিকিৎসা দিতে হয়। পরে অক্সিজেন দেওয়া অবস্থায় স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়। তাঁর পরিবর্তে ম্যাচের বাকি সময়ে চেলসির গোলপোস্ট সামলান ২১ বছর বয়সী মাইক পেন্ডার্স।
শনিবার রাতে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মার্তিনেজ। সেখানে তিনি লেখেন, ‘সব বার্তার জন্য ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা জিতেছি এবং গোল হজম করিনি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরব।’
এর আগে চেলসির কোচ জাবি আলোনসো জানিয়েছিলেন, মাঠ ছাড়ার সময় মার্তিনেজের জ্ঞান ছিল। সতর্কতামূলক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে চোট কতটা গুরুতর, সে বিষয়ে তখন নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। আলোনসোর ভাষ্য অনুযায়ী, মার্তিনেজের কনকাশন বা মাথায় আঘাতজনিত সমস্যা হয়েছিল। তবে এর চেয়ে গুরুতর কোনো চোট রয়েছে কি না, তা জানতে আরও পরীক্ষার প্রয়োজন ছিল।
মার্তিনেজের চোটে উদ্বেগ থাকলেও এভারটনের মাঠে জয় পেয়েছে চেলসি। পেদ্রো নেতোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরেছে দলটি। এই হারে চলতি মৌসুমে এভারটনের অপরাজিত থাকার ধারাও শেষ হয়েছে। পাশাপাশি মৌসুমে প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল হজম করেনি চেলসি।
সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে চেলসি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল।
