এজিএমের একদিন পরই ওয়ালটনের লভ্যাংশ বিতরণ
অর্থ বাণিজ্য প্রতিবেদক: বার্ষিক সাধারণ সভার (এজিএম) এক দিন পরই শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫-২৬ হিসাব বছরের জন্য ঘোষিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ দ্রুত বিতরণ করে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৫ অক্টোবর ডিজিটাল মাধ্যমে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক: বার্ষিক সাধারণ সভার (এজিএম) এক দিন পরই শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে নগদ লভ্যাংশের অর্থ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ২০২৫-২৬ হিসাব বছরের জন্য ঘোষিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ দ্রুত বিতরণ করে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৫ অক্টোবর ডিজিটাল মাধ্যমে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫-২৬ হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেন। সভার পরদিনই নগদ লভ্যাংশের অর্থ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।
কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম বলেন, কোম্পানির শক্তিশালী নগদ অর্থের অবস্থান, প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতা ও পরিচালনগত সক্ষমতার কারণে অল্প সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ সম্ভব হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ১৮ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন। পাশাপাশি প্রতি ১০টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন।
কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরে ওয়ালটন হাই-টেকের মুনাফা হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা ছিল ১ হাজার ৩৬ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৮৮ কোটি টাকা।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৩৩ টাকা ৭৫ পয়সা হয়েছে। আগের হিসাব বছরে এ আয় ছিল ৩১ টাকা ১১ পয়সা।
পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া এ মূল্য ২৮০ টাকা ২৪ পয়সা। সব মিলিয়ে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির মোট নিট সম্পদমূল্য প্রায় ১২ হাজার ৭০৪ কোটি টাকা।
কোম্পানি জানিয়েছে, অনুমোদিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অবণ্টিত মুনাফা থেকে দেওয়া হবে। এ অর্থের সমপরিমাণ অংশ কোম্পানির পরিবেশবান্ধব জ্বালানি সক্ষমতা বাড়ানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
