এক ইউরোতে মেসি–রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ
খেলাধুলা ডেস্ক : ব্যালন ডি’অরের ইতিহাসে কোন ফুটবলারের কোন মৌসুমটি ছিল সবচেয়ে সেরা? এ প্রশ্নের উত্তর দিতে এবার সুযোগ পাচ্ছেন সাধারণ ফুটবল সমর্থকেরাও। তবে ভোট দিতে হলে প্রতিবার খরচ করতে হবে এক ইউরো। চাইলে একই খেলোয়াড়কে একাধিকবারও ভোট দেওয়া যাবে।
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন করেছে পুরস্কারটির আয়োজকেরা। ‘বেস্ট অব অল টাইম’ (বোট) নামের এই ভোটাভুটিতে সমর্থকেরা বেছে নিতে পারবেন ব্যালন ডি’অরজয়ী ফুটবলারদের সেরা মৌসুম।
তবে এটি চলতি ...

তবে এটি চলতি মৌসুমের সেরা ফুটবলার নির্বাচনের ভোট নয়। বরং অতীতে যাঁরা ব্যালন ডি’অর জিতেছেন, তাঁদের মধ্যে কার কোন মৌসুমের পারফরম্যান্স সবচেয়ে সেরা ছিল, সেটিই নির্ধারণের চেষ্টা চলছে এই আয়োজনে।
ভোটাভুটিতে রয়েছেন ব্যালন ডি’অর একাধিকবার জেতা ১০ কিংবদন্তি ফুটবলার। তাঁদের মধ্যে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো।
মেসি আটবার এবং রোনালদো পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। তাঁদের ভক্তদের জন্য তাই প্রিয় তারকার সেরা মৌসুম বেছে নেওয়ার সুযোগটি বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে অক্টোবরের শুরুতে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্যারিসের স্থানীয় সময় ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ভোট দেওয়া যাবে।
প্রতি ভোটের জন্য এক ইউরো খরচ করলেও অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বাড়তি আকর্ষণ। ভোটদাতারা এ বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারিতে অংশ নিতে পারবেন। পাশাপাশি বিশেষ একটি ছবিও কেনা ও ডাউনলোড করার সুযোগ রয়েছে।
এখন পর্যন্ত ভোটে এগিয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি রয়েছে শীর্ষে। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন পর্তুগিজ তারকা। একই বছর প্রথমবারের মতো ব্যালন ডি’অরও জেতেন তিনি।
ভোটের তালিকায় এরপর রয়েছে মেসির ২০১২ সালের মৌসুম। সে বছর চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন তারকা।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই ভোটাভুটি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন। একে ফুটবল ইতিহাসের সেরা মৌসুম নির্ধারণের চূড়ান্ত রায় হিসেবে দেখার সুযোগ নেই। তবে মেসি ও রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের সেরা সময় নিয়ে সমর্থকদের আগ্রহ প্রকাশের নতুন মঞ্চ হয়ে উঠেছে এই আয়োজন।