স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তানের ক্রিকেটাররা
খেলাধুলা ডেস্ক : ক্রিকেট মাঠে পাকিস্তানের পরিচিত রং সবুজ। তবে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ গোলাপি জার্সিতে দেখা গেল পাকিস্তানের ক্রিকেটারদের। হঠাৎ জার্সির রং বদলের পেছনে অবশ্য ক্রিকেটীয় কোনো কারণ নেই। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করেছে পিসিবি। অক্টোবর বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। ...
খেলাধুলা ডেস্ক : ক্রিকেট মাঠে পাকিস্তানের পরিচিত রং সবুজ। তবে ইংল্যান্ডের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ গোলাপি জার্সিতে দেখা গেল পাকিস্তানের ক্রিকেটারদের। হঠাৎ জার্সির রং বদলের পেছনে অবশ্য ক্রিকেটীয় কোনো কারণ নেই। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে চলমান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করেছে পিসিবি। অক্টোবর বিশ্বজুড়ে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষেই ম্যাচটিকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ আয়োজন।
শুধু পাকিস্তানের ক্রিকেটারদের জার্সিই নয়, গোলাপি সাজে সেজেছে পুরো গাদ্দাফি স্টেডিয়াম। ম্যাচের স্টাম্পগুলোও গোলাপি রঙের। স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি বোর্ডে প্রচার করা হচ্ছে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতামূলক বার্তা। ইংল্যান্ডের ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারেরাও এই উদ্যোগে অংশ নিয়েছেন। স্তন ক্যানসারে আক্রান্ত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে তাঁদের পোশাকে রয়েছে গোলাপি ফিতা।
পিসিবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগে সহযোগিতা করছে পিংক রিবন ব্রেস্ট ক্যানসার ট্রাস্ট হাসপাতাল। এর মূল লক্ষ্য, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরা।
পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেন, ক্রিকেটের বিপুল জনপ্রিয়তা ও প্রভাবের সঙ্গে একটি সামাজিক দায়িত্বও জড়িয়ে আছে বলে মনে করে বোর্ড। পিংক রিবন উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চকে কাজে লাগিয়ে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরতে চায় তারা।
স্তন ক্যানসার সচেতনতায় পাকিস্তানের ক্রিকেটারদের গোলাপি রং ধারণ অবশ্য এবারই প্রথম নয়। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও ‘পিংক ডে’ পালন করেছিল পাকিস্তান। তবে ওয়ানডে ক্রিকেটে এমন উদ্যোগ এবারই প্রথম।
