খেলাধুলা ডেস্ক :   জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন রাজশাহীর এস এম মেহরব। অন্যদিকে, চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে রাজশাহীতে বৃষ্টির পানি মাঠ থেকে না শুকানোয় টানা দ্বিতীয় দিনের মতো শুরু করা যায়নি রংপুর ও বরিশালের ম্যাচ।

বৃষ্টি নেই দুই দিন তবু মাঠ খেলার অনুপযোগী

রাজশাহীতে গত দুই দিন বৃষ্টি না হলেও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলা শুরু করা যায়নি। ...

খেলাধুলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন রাজশাহীর এস এম মেহরব। অন্যদিকে, চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে রাজশাহীতে বৃষ্টির পানি মাঠ থেকে না শুকানোয় টানা দ্বিতীয় দিনের মতো শুরু করা যায়নি রংপুর ও বরিশালের ম্যাচ।

বৃষ্টি নেই দুই দিন তবু মাঠ খেলার অনুপযোগী

রাজশাহীতে গত দুই দিন বৃষ্টি না হলেও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলা শুরু করা যায়নি। বরিশাল ও ঢাকার মধ্যকার ম্যাচে এখনো টসই হয়নি। আগামীকাল কখন খেলা শুরু হবে, সেটিও নিশ্চিত করতে পারেননি আয়োজকেরা।

খেলা শুরু না হওয়ার কারণ হিসেবে মাঠের মাটির ধরনকে দায়ী করেছেন স্টেডিয়ামের কিউরেটর গোলাম রসুল। তাঁর ভাষ্য, বৃষ্টি হলে মাঠের মাটি কাদায় পরিণত হয়। টানা দুই দিনের বৃষ্টিতে তৈরি হওয়া কাদা এখনো শুকায়নি। ক্রিকেটারদের চোটের ঝুঁকি বিবেচনায় আম্পায়াররা খেলা শুরুর অনুমতি দিচ্ছেন না। আগামীকাল দুপুরের দিকে খেলা শুরু হতে পারে।

ফলোঅনে ময়মনসিংহ

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিপক্ষে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে ময়মনসিংহ। নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮৮ রান করে খুলনা। জবাবে ময়মনসিংহের ইনিংস থেমেছে মাত্র ১০৮ রানে। ফলে ফলোঅনে পড়েছে দলটি।

ময়মনসিংহের হয়ে ১৮ রান করা মোসাদ্দেক হোসেন ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই দলটি। ৫৭ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। মাহফিজুল ইসলাম ২৫ ও মুনিম শাহরিয়ার কোনো রান না করে অপরাজিত আছেন।

আগের দিন চার উইকেট পাওয়া ময়মনসিংহের পেসার ইয়াসিন আরাফাত আজ খুলনার প্রথম ইনিংসে আরও দুটি উইকেট নিয়েছেন।

নাসুমের ১৩তম পাঁচ উইকেট

চট্টগ্রামের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন সিলেটের নাসুম আহমেদ। প্রথম ইনিংসে এক উইকেটে ৬১ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট হয়েছে ২১০ রানে। বাঁহাতি স্পিনার নাসুম নিয়েছেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১৩তম পাঁচ উইকেট শিকার।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেটে ৮৯ রান করেছে সিলেট। জাকির হাসান ৩৫ ও মুবিন আহমেদ ১০ রান করে আউট হয়েছেন।

মেহরবের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি

রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয়েছে রাজশাহী। তবে দলীয় ইনিংসে আলো ছড়িয়েছেন এস এম মেহরব। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছেন তিনি। আগের দিন ৮২ রানে অপরাজিত থাকা মেহরব আজ ১০১ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন। রংপুরের পেসার মেহেদী মোট চারটি উইকেট নিয়েছেন।

জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩১ রান তুলে দিন শেষ করেছে রংপুর। ফিফটি করা ওপেনার অনিক সরকার ৫৯ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ৪৫ রান নিয়ে অপরাজিত আছেন ইকবাল হোসেন।