সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিভিন্ন অনিয়ম, অসংগতি নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক শেয়ার বিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। গত ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে পত্রিকাটিকে আইনি নোটিশ পাঠানো এবং মামলা করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শেয়ার বিজ। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনের বিষয়ে বক্তব্য না দিয়ে আইনি প্রক্রিয়ায় সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) দৈনিক শেয়ার ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিভিন্ন অনিয়ম, অসংগতি নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক শেয়ার বিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। গত ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে পত্রিকাটিকে আইনি নোটিশ পাঠানো এবং মামলা করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শেয়ার বিজ। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনের বিষয়ে বক্তব্য না দিয়ে আইনি প্রক্রিয়ায় সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) দৈনিক শেয়ার বিজের সম্পাদক ও প্রকাশক মীর মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে রবির সঙ্গে পত্রিকাটির আইনি বিরোধ এবং এ নিয়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে শেয়ার বিজ বিভিন্ন সময়ে অনুসন্ধানী বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় রবি আজিয়াটায় সংঘটিত বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিটি প্রতিবেদনে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার পাশাপাশি তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথি বারবার যাচাই-বাছাই করা হয়েছে। কোনো মনগড়া কিংবা আরোপিত তথ্যের ভিত্তিতে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে দাবি করেছে পত্রিকাটি।
শেয়ার বিজের অভিযোগ, গত ২৯ অক্টোবর ‘রবিতে সাহেদের একচ্ছত্র আধিপত্য’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর পত্রিকাটিকে আইনি নোটিশ পাঠিয়ে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। এর আগে রবির সঙ্গে শেয়ার বিজের পূর্ববর্তী মামলার বিষয়, এয়ারটেল ব্র্যান্ডের রিব্র্যান্ডিং এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম নিয়েও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত আগস্টে রবির সেবার মান, প্রতিষ্ঠানটিতে অনিয়মের অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার তদন্ত, এয়ারটেল ব্র্যান্ডের ব্যবহার এবং অবৈধ ভিওআইপির ঘটনায় রবিকে জরিমানাসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে শেয়ার বিজ। এসব প্রতিবেদনের বিষয়ে বারবার বক্তব্য চাওয়া হলেও রবি কোনো বক্তব্য দেয়নি কিংবা প্রতিবাদ জানায়নি বলে দাবি করেছে পত্রিকাটি। এর পরিবর্তে মধ্যরাতে আইনি নোটিশ পাঠিয়ে পরদিন সকালে শেয়ার বিজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আইনি বিরোধের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আদালতে মামলা গৃহীত হওয়ার আগেই রবি হাইকোর্টে গিয়ে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। রবির এ পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে শেষ পর্যন্ত আপিল বিভাগে যায় শেয়ার বিজ। পরে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে রবির বিষয়ে প্রতিবেদন পুনরায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে পত্রিকাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে শেয়ার বিজ কর্তৃপক্ষ বলেছে, আইনি হয়রানির পথ অনুসরণ করে তাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ বন্ধ করা যাবে না। সত্যের পথে থেকে বিষয়টি আইনি ও পেশাগতভাবেই মোকাবিলা করবে পত্রিকাটি। এ বিষয়ে গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তি ও সম্পাদকদের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করেছেন শেয়ার বিজের সম্পাদক ও প্রকাশক মীর মনিরুজ্জামান।
