অ্যাপল-টেসলার শেয়ার বেচে চীনা স্টকে বিনিয়োগ, জালিয়াতির অভিযোগ
বিনিয়োগকারীদের অনুমতি ছাড়াই অ্যাপল, টেসলা, অ্যামাজনসহ বড় মার্কিন কোম্পানির শেয়ার বিক্রি করে চীনের একটি অখ্যাত প্রতিষ্ঠানের শেয়ার কেনার অভিযোগ উঠেছে ভারতের একটি ফিনটেক প্ল্যাটফর্মের বিরুদ্ধে। প্রায় ১০০ কোটি টাকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অভিযোগ, তাঁদের ট্রেডিং অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করে লেনদেন করা হয়েছে।
মানি কন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে এক বিনিয়োগকারী জানান, তাঁর অনুমতি ছাড়াই অ্যাপল, টেসলা, অ্যামাজন, অ্যালফাবেট, এনভিডিয়া ও এএমডিসহ ১০টি মার্কিন কোম্পানির শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ৭৬৮ ডলারে বিক্রি ...
বিনিয়োগকারীদের অনুমতি ছাড়াই অ্যাপল, টেসলা, অ্যামাজনসহ বড় মার্কিন কোম্পানির শেয়ার বিক্রি করে চীনের একটি অখ্যাত প্রতিষ্ঠানের শেয়ার কেনার অভিযোগ উঠেছে ভারতের একটি ফিনটেক প্ল্যাটফর্মের বিরুদ্ধে। প্রায় ১০০ কোটি টাকার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অভিযোগ, তাঁদের ট্রেডিং অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করে লেনদেন করা হয়েছে।
মানি কন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে এক বিনিয়োগকারী জানান, তাঁর অনুমতি ছাড়াই অ্যাপল, টেসলা, অ্যামাজন, অ্যালফাবেট, এনভিডিয়া ও এএমডিসহ ১০টি মার্কিন কোম্পানির শেয়ার ৩ লাখ ৩৫ হাজার ৭৬৮ ডলারে বিক্রি করা হয়। বিক্রির পুরো অর্থ দিয়ে চীনা প্রতিষ্ঠান ঝিবাও টেকনোলজি ইনকর্পোরেটেডের ৩ লাখ শেয়ার কেনার অর্ডার দেওয়া হয়। গড়ে প্রতিটি শেয়ার কেনা হয়েছিল ১.০৫ ডলারে।
অভিযোগ অনুযায়ী, কয়েক দিনের মধ্যে ওই চীনা কোম্পানির শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ কমে যায়। ২৩ অক্টোবর নাগাদ শেয়ারটির দর নেমে আসে ০.৪২ ডলারে। এতে বিনিয়োগকারীদের বড় অঙ্কের ক্ষতি হয়। এক বিনিয়োগকারীর দাবি, তাঁর লোকসান হয়েছে প্রায় ৪ লাখ ৫০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা।
ঘটনায় নাম জড়িয়েছে বেঙ্গালুরুভিত্তিক স্টকাল সিকিউরিটিজের। সেবির অনুমোদনপ্রাপ্ত এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয় বিনিয়োগকারীরা মার্কিন শেয়ার ও অন্যান্য বিদেশি সিকিউরিটিজে লেনদেন করেন। মার্কিন বাজারে লেনদেন সম্পন্ন ও সম্পদ সংরক্ষণে প্রতিষ্ঠানটির ড্রাইভওয়েলথ এলএলসির মতো ব্রোকারেজের সঙ্গে অংশীদারত্ব রয়েছে।
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবি এবং যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে অভিযোগ করেছেন। তবে অভিযোগের বিষয়ে স্টকাল সিকিউরিটিজ, ড্রাইভওয়েলথ ও এইচডিএফসি সিকিউরিটিজের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মানি কন্ট্রোল। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বক্তব্য না পাওয়ায় ঘটনাটি এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে।
