অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বুধবার (৪ নভেম্বর) এ খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় বাজারে সূচকের উত্থান হয়। এরপরে বৃহস্পতিবার আরও বড় উত্থান হয়েছে। দীর্ঘদিন লেনদেনের বাইরে থাকা বড় বিনিয়োগকারীদের একটি অংশ আবারও বাজারে ফিরতে পারবেন—এমন প্রত্যাশা থেকে বাজারে নতুন করে আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে আটকে থাকা মার্জিন ঋণ ও সুদ সমন্বয়ের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। বুধবার (৪ নভেম্বর) এ খবরে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় বাজারে সূচকের উত্থান হয়। এরপরে বৃহস্পতিবার আরও বড় উত্থান হয়েছে। দীর্ঘদিন লেনদেনের বাইরে থাকা বড় বিনিয়োগকারীদের একটি অংশ আবারও বাজারে ফিরতে পারবেন—এমন প্রত্যাশা থেকে বাজারে নতুন করে আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে আটকে থাকা মার্জিন ঋণ ও সুদ সমন্বয়ের সুযোগ তৈরি হওয়ায় ব্রোকারেজ হাউসগুলোর আর্থিক চাপ কমার সম্ভাবনাও দেখছেন বাজারসংশ্লিষ্টরা।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪১৩ পয়েন্টে। আগেরদিন সূচকটি বেড়েছিল ৫৭ পয়েন্ট।

দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই পতনে রয়েছে। এরমধ্যে পূজার ছুটি শেষে গত ২৫ অক্টোবর শেয়ারবাজার চালুর পরে টানা ৩ কার্যদিবস পতন হয়। এরপরে ওই সপ্তাহের বুধবার উত্থান হয়। তবে বৃহস্পতিবারই পতনে ফিরে যায়। এরপরে চলতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার শেয়ারবাজারে পতন হয়।

আজ ডিএসইতে ৬৪৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫২২ কোটি ২৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২৩ কোটি ১৫ লাখ টাকার বা ২৪ শতাংশ।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫০ টি বা ৬৪.৯৪ শতাংশের। আর দর কমেছে ৮৪ টি বা ২১.৮২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১৩.২৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪ টির, কমেছে ৫৬ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৫৩ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০১ পয়েন্ট বেড়েছিল এবং ৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছিল।