বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীপাবলিকে সামনে রেখে নতুন বর্ষগণনা ‘সংবত ২০৮৩’ শুরু করতে যাচ্ছে ভারতের শেয়ারবাজার। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিশেষ ‘মুহূর্ত লেনদেন’ অনুষ্ঠিত হবে। তবে বিদায়ী সংবত ২০৮২ ভারতীয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো যায়নি। বছরজুড়ে অস্থিরতার মধ্যে সেনসেক্স ও নিফটি ৫০ সূচক উল্লেখযোগ্য হারে কমেছে।
বিদায়ী সংবত ২০৮২-তে ভারতের প্রধান শেয়ারবাজার বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীপাবলিকে সামনে রেখে নতুন বর্ষগণনা ‘সংবত ২০৮৩’ শুরু করতে যাচ্ছে ভারতের শেয়ারবাজার। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিশেষ ‘মুহূর্ত লেনদেন’ অনুষ্ঠিত হবে। তবে বিদায়ী সংবত ২০৮২ ভারতীয় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য খুব একটা ভালো যায়নি। বছরজুড়ে অস্থিরতার মধ্যে সেনসেক্স ও নিফটি ৫০ সূচক উল্লেখযোগ্য হারে কমেছে।
বিদায়ী সংবত ২০৮২-তে ভারতের প্রধান শেয়ারবাজার বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক কমেছে ৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচক কমেছে ৭ দশমিক ৩ শতাংশ। গত ১৫ বছরের মধ্যে এই দুই সূচকের সবচেয়ে খারাপ বার্ষিক পারফরম্যান্স এটি।
তবে বড় কোম্পানির শেয়ারে দরপতন হলেও তুলনামূলক ভালো অবস্থানে ছিল মাঝারি ও ছোট মূলধনি কোম্পানির শেয়ার। সংবত ২০৮২-তে নিফটি স্মলক্যাপ ১০০ সূচক বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। আর নিফটি মিডক্যাপ ১০০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ।
এ সময়ে ভারতীয় শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা নিট ৩ লাখ ৩ হাজার কোটি রুপি তুলে নিয়েছেন। বিপরীতে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিট ৭ লাখ ৭৪ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের বিপরীতে দেশীয় প্রতিষ্ঠানের বড় অঙ্কের বিনিয়োগ বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
খাতভিত্তিক সূচকের মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ভোগ্যপণ্য খাতে। সংবত ২০৮২-তে নিফটি এফএমসিজি সূচক কমেছে ১৮ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া নিফটি আইটি সূচক ৯ দশমিক ২ শতাংশ, রিয়েল এস্টেট খাতের সূচক ৭ দশমিক ৮ শতাংশ, ব্যাংক খাতের সূচক ৩ দশমিক ৭ শতাংশ এবং গাড়ি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ কমেছে।
অন্যদিকে মূলধনি পণ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং ধাতু ও ধাতব পণ্য খাতের শেয়ারে ইতিবাচক প্রবণতা ছিল। এসব খাতের শেয়ারের দাম বেড়েছে ৬ থেকে ২২ শতাংশ পর্যন্ত।
বছরজুড়ে দরপতন থাকলেও সংবত ২০৮২-এর শেষ সপ্তাহে ঘুরে দাঁড়ায় ভারতীয় শেয়ারবাজার। দীর্ঘ প্রায় নয় মাস পর সেনসেক্স আবার ৮১ হাজার পয়েন্টের ঘরে পৌঁছায়। আর নিফটি ৫০ সূচক দাঁড়ায় ২৫ হাজার ৩০ দশমিক ৩৫ পয়েন্টে।
এদিকে দীপাবলি উপলক্ষে রোববার দুপুর ২টা ২০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ মুহূর্ত লেনদেন অনুষ্ঠিত হবে। প্রতিবছর নতুন সংবত শুরুর দিনে এই বিশেষ লেনদেনের আয়োজন করে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। নতুন বছরের প্রথম দিনে বিনিয়োগকে অনেক বিনিয়োগকারী শুভ বলে মনে করেন। এ কারণে মুহূর্ত লেনদেনে অংশ নিতে তাঁদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়।
