বিনোদন ডেস্ক :   মডেলিং দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু। এরপর অভিনয়ে নিজের অবস্থান তৈরি। দীর্ঘ এক যুগের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার নতুন পরিচয়ে সামনে এসেছেন সামিরা খান মাহি। ৭ নভেম্বর রাতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মাথায় তুলেছেন সেরার মুকুট। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ...

বিনোদন ডেস্ক : মডেলিং দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু। এরপর অভিনয়ে নিজের অবস্থান তৈরি। দীর্ঘ এক যুগের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার নতুন পরিচয়ে সামনে এসেছেন সামিরা খান মাহি। ৭ নভেম্বর রাতে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মাথায় তুলেছেন সেরার মুকুট। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। তবে কে এই সামিরা খান মাহি? কীভাবে মডেলিং থেকে অভিনয়, আর সেখান থেকে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে পৌঁছালেন তিনি? চলুন, জেনে নেওয়া যাক তাঁর জীবনের জানা-অজানা কিছু গল্প।

১. নামের পেছনের গল্প

মা-বাবার দেওয়া নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে বিনোদনজগতে কাজ শুরু করার সময় নাম পরিবর্তন করে রাখেন সামিরা খান মাহি। এই নামেই পরবর্তী সময়ে মডেল ও অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। একসময় যে নামের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেছিলেন, সেই নামই এখন তাঁকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে।

২. মডেলিংয়ে হাতেখড়ি

২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় অংশ নেন মাহি। সেখানে প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে মডেলিংয়ে পরিচিতি পান। এরপর বিজ্ঞাপনচিত্র, ফ্যাশন শো, র‍্যাম্প ও বিভিন্ন ফটোশুটে কাজ শুরু করেন। ধীরে ধীরে শোবিজে নিজের অবস্থান তৈরি হয় তাঁর।

৩. র‍্যাম্প থেকে ফ্যাশনজগৎ

মডেলিংয়ের শুরু থেকেই র‍্যাম্পে নিয়মিত ছিলেন মাহি। বিভিন্ন ফ্যাশন শো ও ব্র্যান্ডের সঙ্গে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করেন। ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন, অভিব্যক্তি প্রকাশ এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার দক্ষতা তৈরি হয় এই সময়েই।

৪. ক্যারিয়ারে দীর্ঘ বিরতি

ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর কাজ থেকে দূরে থাকতে হয় মাহিকে। ফলে পেশাগত জীবনে ছেদ পড়ে। তবে সেই বিরতি কাটিয়ে আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেন তিনি। পুরোনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেন।

৫. অভিনয়ে নতুন যাত্রা

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে আসার পরিকল্পনা শুরুতে ছিল না তাঁর। করোনা মহামারির সময় অভিনয় নিয়ে আগ্রহ তৈরি হয়। প্রস্তুতি ও শেখার পর ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। অল্প সময়ের মধ্যেই কাজের পরিধি বাড়ে। একপর্যায়ে ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন মাহি।

৬. পরিচিতি বাড়ায় ‘গার্লস স্কোয়াড’

অভিনয়জীবনে ‘গার্লস স্কোয়াড’ মাহির জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কনটেন্টের মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে পরিচিতি পান তিনি। পরে ‘হাঙর’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেন। এতে মডেল পরিচয়ের পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও নিজের জায়গা তৈরি হয়।

৭. অভিনয়ে শতাধিক নাটক

২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন মাহি। তবে কাজের সংখ্যা বাড়ানোর পাশাপাশি চরিত্রের বৈচিত্র্য নিয়েও ভাবছেন তিনি। গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করতে চান এই অভিনেত্রী।

৮. সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

মাহির সাজপোশাক, চেহারা ও ব্যক্তিগত উপস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। মেকআপ ছাড়া ছবি প্রকাশ করেও নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছেন তিনি। তবে এসব সমালোচনার বাইরে নিজের কাজ ও ক্যারিয়ারে মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছেন মাহি।

৯. মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট

মডেলিং ও অভিনয়ের পর এবার সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন অর্জন যুক্ত হয়েছে মাহির ঝুলিতে। ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার হাত থেকে মুকুট গ্রহণ করেন মাহি। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।

১০. এবার লক্ষ্য বিশ্বমঞ্চ

দেশের মঞ্চে বিজয়ী হওয়ার পর মাহির সামনে এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নেবেন তিনি। সেখানে নিজের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচিতি তুলে ধরার প্রত্যাশা তাঁর। বাবা-মায়ের উৎসাহ—‘যাও, বিশ্ব জয় করে আসো’—এখন তাঁর নতুন পথচলার প্রেরণা। র‍্যাম্প দিয়ে শুরু হওয়া যাত্রা এবার তাঁকে কত দূর নিয়ে যায়, সেটিই দেখার অপেক্ষা।