অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশে গত অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় ১৫টি পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। অন্যদিকে শাকসবজি এবং স্বর্ণ-রুপার দাম কমেছে। কনজ্যুমারস ফোরামের (সিএফ) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
রোববার সিএফের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মীনাবাজার ও স্বপ্ন সুপারশপ থেকে ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশে গত অক্টোবর মাসে নিত্যপ্রয়োজনীয় ১৫টি পণ্যের দাম গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। অন্যদিকে শাকসবজি এবং স্বর্ণ-রুপার দাম কমেছে। কনজ্যুমারস ফোরামের (সিএফ) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
রোববার সিএফের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মেরাদিয়া, আফতাবনগরের ভূঁইয়া বাজার, মীনাবাজার ও স্বপ্ন সুপারশপ থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সিএফের তথ্য অনুযায়ী, অক্টোবরে মাছের দাম গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। মসলাজাতীয় পণ্য—লবঙ্গ, এলাচ, দারচিনি ও জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
এ ছাড়া জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্য তেল ও ডালডার ৪ দশমিক ৮০ শতাংশ, আটা-ময়দার ৩ দশমিক ২৫ শতাংশ এবং চালের দাম ২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। একই সময়ে ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ, মাংসের শূন্য দশমিক ৩৮ শতাংশ এবং চায়ের দাম শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে সাতটি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে রয়েছে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-টুথপেস্ট, চানাচুর-বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহার্য ওষুধ এবং খাতা-কলম। তবে শাকসবজির দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং স্বর্ণ-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।
প্রতিবেদনে শাকসবজির দামের ক্ষেত্রে অঞ্চলভেদে বড় পার্থক্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। যশোর, বগুড়া ও রংপুর অঞ্চলে শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলেও উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা। বগুড়া ও রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৬ থেকে ১২ টাকা, মুলা ৬ থেকে ৮ টাকা, লাউ ৮ থেকে ১০ টাকা এবং কাঁচকলার হালি ৫ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে।
অথচ রাজধানীর বাজারে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৩০ টাকা এবং লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকায় কাঁচকলার হালির দাম ৪০ থেকে ৫০ টাকা।
সিএফের তথ্য অনুযায়ী, এর আগের মাস সেপ্টেম্বরেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গড়ে ৩ দশমিক ১৩ শতাংশ বেড়েছিল। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে পণ্যের গড় মূল্যবৃদ্ধির হার আরও বেশি হয়েছে।
