মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
খেলাধুলা ডেস্ক : ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মিম মোসাদ্দেক। তাঁর ১৪৫ রানের ইনিংসে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ ড্র করেছে রংপুর। অন্যদিকে রাজশাহীকে ২৩৪ রানে হারিয়ে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া জাওয়াদ আবরার পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। তবে তাঁর শতকের পরও ময়মনসিংহের কাছে হেরেছে বরিশাল।
বিতর্কিত আউটের পরও ম্যাচ বাঁচাল রংপুর
চট্টগ্রামের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে ...
খেলাধুলা ডেস্ক : ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মিম মোসাদ্দেক। তাঁর ১৪৫ রানের ইনিংসে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ ড্র করেছে রংপুর। অন্যদিকে রাজশাহীকে ২৩৪ রানে হারিয়ে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া জাওয়াদ আবরার পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি। তবে তাঁর শতকের পরও ময়মনসিংহের কাছে হেরেছে বরিশাল।
বিতর্কিত আউটের পরও ম্যাচ বাঁচাল রংপুর
চট্টগ্রামের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল রংপুর। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে আবদুল্লাহ আল মামুনের বিতর্কিত আউট আলোচনার জন্ম দেয়। হাসান মুরাদের বলে ডিফেন্স করার পর বলটি হাতে তুলে বোলারের দিকে ফেরত দিতে চেয়েছিলেন তিনি। এ সময় চট্টগ্রামের খেলোয়াড়েরা আউটের আবেদন করলে দুই আম্পায়ার আলোচনা করে তাঁকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট ঘোষণা করেন। পুরোনো নিয়মে এমন আউটকে বলা হতো হ্যান্ডল দ্য বল।
আবদুল্লাহ আল মামুন আউট হওয়ার সময় রংপুরের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৪৭ রান। তখনো চট্টগ্রামের প্রথম ইনিংসের চেয়ে ৯৪ রানে পিছিয়ে ছিল দলটি। তবে শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে সক্ষম হয় রংপুর। আলোকস্বল্পতার কারণে খেলা শেষ হওয়ার সময় তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৩১০ রান। চট্টগ্রামের চেয়ে ৬৯ রানে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে রংপুর।
দলের এই লড়াইয়ের মূল কারিগর ওপেনার মিম মোসাদ্দেক। ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। চলতি লিগে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। এবারের আসরে সাতটি অর্ধশতক পেরোনো ইনিংস খেলেছেন মিম। ২৭ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে তাঁর সেঞ্চুরির সংখ্যাও তিনটি।
ষষ্ঠ রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকও মিম। ছয় ম্যাচে ১২ ইনিংস ব্যাট করে তাঁর সংগ্রহ ৭২৭ রান।
সাত দলের লিগে ছয় ম্যাচ শেষে চট্টগ্রামের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা। শেষ রাউন্ডে রংপুরের কাছে খুলনা হারলেই কেবল শিরোপার লড়াইয়ে সুযোগ থাকবে চট্টগ্রামের। খুলনা হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন হবে দলটি।
নাসুমের ১০ উইকেটে সিলেটের বড় জয়
রাজশাহীকে ২৩৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিলেট। ছয় ম্যাচে দলটির সংগ্রহ ২২ পয়েন্ট।
শেষ দিন ৪ উইকেটে ৬৩ রান নিয়ে ব্যাটিং শুরু করা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ২২৮ রানে অলআউট হয়। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচের ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট পেলেন তিনি। রাজশাহীর হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৯১ রান করেন এস এম মেহেরব।
আবরারের সেঞ্চুরির পরও হার বরিশালের
প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন জাওয়াদ আবরার। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে এসে শতকের দেখা পেলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই ওপেনার। চট্টগ্রামে ময়মনসিংহের বিপক্ষে বরিশালের দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করেন তিনি।
ফলোঅন করা বরিশাল দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট হলে ময়মনসিংহের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৭ রান। কোনো উইকেট না হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নেয় ময়মনসিংহ। ১০ উইকেটের এই জয়ে একটি বোনাস পয়েন্টও পেয়েছে দলটি। ছয় ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৭।
ড্রয়ে শিরোপার অপেক্ষা বাড়ল খুলনার
ষষ্ঠ রাউন্ডেই শিরোপা নিশ্চিত করার সুযোগ ছিল খুলনার সামনে। তবে রাজশাহীতে ঢাকার বিপক্ষে ম্যাচ ড্র হওয়ায় অপেক্ষা বাড়ল তাদের।
শেষ দিন ৭ উইকেটে ৪৩৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে খুলনা। প্রথম ইনিংসে দলটি অলআউট হয় ৫১৩ রানে। জবাবে ঢাকা দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান তোলার পর দুই দল ড্র মেনে নেয়। ফলে শেষ রাউন্ডেই নির্ধারিত হবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন।
