অর্থ বাণিজ্য প্রতিবেদক :    অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলোকে মূল বোর্ডে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কমিশনের সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত থাকা সত্ত্বেও যেসব বন্ড এখনো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত বন্ডগুলোকে মূল বোর্ডে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কমিশনের সম্মতিপত্রে এটিবিতে তালিকাভুক্তির শর্ত থাকা সত্ত্বেও যেসব বন্ড এখনো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসইসির ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব বন্ডের সম্মতিপত্রে (কনসেন্ট লেটার) এটিবিতে তালিকাভুক্তির শর্ত রয়েছে, কিন্তু এখনো সেগুলো তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে।

অন্যদিকে, বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলো মূল বোর্ডে স্থানান্তরের জন্য একই সময়সীমার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্টক এক্সচেঞ্জগুলো। এ ক্ষেত্রে বিদ্যমান লিস্টিং রেগুলেশনস ও প্রয়োজনীয় তালিকাভুক্তির শর্ত অনুসরণ করে আবেদন বিবেচনা এবং স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এদিকে, তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনায় বিদ্যমান বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হলেও ওই ব্যাংকে কোম্পানিটির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনা করা যাবে।

বর্তমানে কমিশনের নির্দেশনা অনুযায়ী, ইস্যুয়ার কোম্পানির কোনো পরিচালক যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, সেই ব্যাংকে সংশ্লিষ্ট কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। কমিশন সভায় এ শর্ত শিথিল করে সংশ্লিষ্ট ব্যাংকে ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ২০২১ সালের ১৪ জানুয়ারি জারি করা কমিশনের Directive No. BSEC/CMRRCD/2021-386/03 এবং পরবর্তী সংশোধনীতে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন নির্দেশনা জারি করা হবে। নতুন নির্দেশনা জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।