অর্থ বাণিজ্য প্রতিবেদক :   প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আইপিও আবেদন পর্যালোচনা করা হবে। এ সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। পরে স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের সঙ্গে কমিশনের পর্যবেক্ষণ পর্যালোচনা করে সুপারিশ জমা দেবে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৮তম ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী করতে সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ পদ্ধতিতে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আইপিও আবেদন পর্যালোচনা করা হবে। এ সময় কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। পরে স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের সঙ্গে কমিশনের পর্যবেক্ষণ পর্যালোচনা করে সুপারিশ জমা দেবে।

আজ মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৩৮তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিও আবেদন পর্যালোচনা প্রক্রিয়াকে আরও কার্যকর, সমন্বিত ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে এ পদ্ধতি চালু করা হচ্ছে। এর আওতায় স্টক এক্সচেঞ্জ কোনো কোম্পানির আইপিও আবেদন পর্যালোচনার সময় কমিশনের পর্যবেক্ষণ গ্রহণ করতে পারবে।

কমিশনের কোনো পর্যবেক্ষণ থাকলে তা সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে জানানো হবে। স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণও পর্যালোচনা ও বিবেচনা করবে। এরপর আইপিও আবেদনের বিষয়ে কমিশনের কাছে সুপারিশ দাখিল করবে।

অর্থাৎ, নতুন পদ্ধতিতে আইপিও আবেদন পর্যালোচনার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জকে কেন্দ্রীয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। এর ফলে একই আবেদন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পর্যালোচনা ও সমন্বয়ের প্রক্রিয়া আরও সুসংহত হবে।

বিএসইসি মনে করছে, সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর ফলে কোম্পানিগুলোর জন্য আইপিও প্রক্রিয়া সহজ হবে এবং সময় সাশ্রয় হবে। একই সঙ্গে সামগ্রিক আইপিও পর্যালোচনা ও অনুমোদন প্রক্রিয়া আরও গতিশীল হবে।