প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াঙের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কে চাপে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তাদের একজন ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ বিতর্কের জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনেই কোম্পানিটির বাজারমূল্য কমেছে প্রায় ২৩ লাখ ১৮ হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থা ও সিইওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা।
আনন্দবাজারের এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াঙের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিতর্কে চাপে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তাদের একজন ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ বিতর্কের জেরে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এক দিনেই কোম্পানিটির বাজারমূল্য কমেছে প্রায় ২৩ লাখ ১৮ হাজার কোটি টাকা। একই সঙ্গে সংস্থা ও সিইওর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা।
আনন্দবাজারের এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমেছে। এতে কোম্পানিটির বাজারমূল্য কমেছে প্রায় ১৯ হাজার কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ লাখ ১৮ হাজার কোটি টাকা।
মামলায় এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। শেয়ারহোল্ডারদের দাবি, মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াঙের সঙ্গে জেনসেনের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি যথাযথভাবে প্রকাশ করেনি কোম্পানি। এতে বিনিয়োগকারীরা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে পারেননি।
মামলার নথিতে বলা হয়েছে, এ ধরনের সম্পর্ক এনভিডিয়ার সুনাম ও ব্যবসায়িক সম্ভাবনার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে। অথচ কোম্পানি এসব ঝুঁকি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেনি বলে অভিযোগ করেছেন শেয়ারহোল্ডাররা। খুচরা বিনিয়োগকারী মার্ক কিস্টেনমাখারের নেতৃত্বে তাঁরা এনভিডিয়া ও জেনসেনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করে জানানো হয়নি।
এদিকে, জেনসেন হুয়াংকে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার লক্ষ্যবস্তু করা হয়েছিল—এমন খবর প্রকাশের পর বিষয়টি তদন্তে স্বাধীন তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক খোলা চিঠিতে জেনসেন জানিয়েছেন, তিনি তদন্তকে সমর্থন করছেন এবং পূর্ণ সহযোগিতা করবেন। একই সঙ্গে এনভিডিয়া ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি।
সম্পর্কের বিতর্ক প্রকাশ্যে আসার পর থেকেই এনভিডিয়ার প্রধান নির্বাহীকে ঘিরে নানা আলোচনা চলছে। এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোয় কোম্পানিটির সুনাম, ব্যবসা ও বিনিয়োগকারীদের আস্থার ওপর এর প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
