ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের আয় বাড়লেও সেই অনুপাতে বাড়েনি মুনাফা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় বেড়েছে ১৬ শতাংশ। বিপরীতে নিট মুনাফা বেড়েছে মাত্র ২ শতাংশ। এ সময়ে কোম্পানিটি ২২৫ কোটি টাকার কাছাকাছি নিট মুনাফা করেছে। কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ওয়ালটনের পণ্য বিক্রি বা আয় হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের ...
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের আয় বাড়লেও সেই অনুপাতে বাড়েনি মুনাফা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় বেড়েছে ১৬ শতাংশ। বিপরীতে নিট মুনাফা বেড়েছে মাত্র ২ শতাংশ। এ সময়ে কোম্পানিটি ২২৫ কোটি টাকার কাছাকাছি নিট মুনাফা করেছে। কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ওয়ালটনের পণ্য বিক্রি বা আয় হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি ৪৩ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ৪৫১ কোটি ৩ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২২৮ কোটি ৪০ লাখ টাকা বা প্রায় ১৬ শতাংশ।
তবে আয়ের তুলনায় মুনাফা বৃদ্ধির হার ছিল অনেক কম। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২২৪ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ২২০ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে মাত্র ৩ কোটি ৮৫ লাখ টাকা বা প্রায় ২ শতাংশ।
এতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৬৩ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে ১১ পয়সা।
এদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৩৩ কোটি ২২ লাখ টাকা। নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ৯২৯ কোটি ২৬ লাখ টাকা। সেই হিসাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮৮ টাকা ১ পয়সা।
