খেলাধুলা ডেস্ক :   আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বছরের শুরুতে তাঁকে দলে নেওয়ার পরও বিসিসিআইয়ের নির্দেশে বাদ দিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কেও তৈরি হয়েছিল টানাপোড়েন। এবার নিলামে নাম লিখিয়ে আবারও আইপিএলে খেলার সুযোগ তৈরি করেছেন মোস্তাফিজ। তবে এত বিতর্কের পর কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে আগ্রহী হবে কি না, সেটিই এখন ...

খেলাধুলা ডেস্ক : আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। বছরের শুরুতে তাঁকে দলে নেওয়ার পরও বিসিসিআইয়ের নির্দেশে বাদ দিতে বাধ্য হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কেও তৈরি হয়েছিল টানাপোড়েন। এবার নিলামে নাম লিখিয়ে আবারও আইপিএলে খেলার সুযোগ তৈরি করেছেন মোস্তাফিজ। তবে এত বিতর্কের পর কোনো ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে আগ্রহী হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আগামী মৌসুমের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজ। তাঁর পাশাপাশি বাংলাদেশের আরও ৫ থেকে ৬ জন ক্রিকেটার নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নিলামে নিবন্ধন করেছেন বলে জানা গেছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নাম নিবন্ধনের সুযোগ থাকবে।

বছরের শুরুতে আইপিএল ঘিরে মোস্তাফিজকে নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এর প্রতিবাদে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ দল।

এমন ঘটনার পর মোস্তাফিজের আইপিএলে ফেরার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ক্রিকেটীয় পারফরম্যান্স ও অভিজ্ঞতার কারণে নিলামে তাঁকে নিয়ে আগ্রহ তৈরি হতে পারে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পর আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ মোস্তাফিজ। পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলেছেন তিনি। ২০১৬ সালে আইপিএলে অভিষেক মৌসুমেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও তিনি।

আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৮.১৩ ইকোনমি রেটে তাঁর শিকার ৬০ উইকেট। বাঁহাতি পেস, কাটার ও স্লোয়ারের বৈচিত্র্যের কারণে টি-টুয়েন্টিতে কার্যকর বোলার হিসেবে পরিচিত তিনি। তবে এবারের নিলামে দল পাওয়ার ক্ষেত্রে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদা ও তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য অনাগ্রহও বিবেচনায় আসতে পারে।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। মেগা নিলামের মতো এবার দলগুলোকে পুরো স্কোয়াড নতুন করে সাজানোর সুযোগ দেওয়া হচ্ছে না। বরং খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার পর অবশিষ্ট অর্থ দিয়ে প্রয়োজনীয় ক্রিকেটার কিনবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ ও কমপক্ষে ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। বিদেশি ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের মোট বাজেট ১৫৭ কোটি রুপি। তবে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিলামে প্রতিটি দলের হাতে কত অর্থ থাকবে, তা জানা যাবে না। ফলে মোস্তাফিজসহ বাংলাদেশের ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রয়োজন ও নিলামের কৌশলের ওপর।