অর্থ বাণিজ্য প্রতিবেদক :   দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের পর শেয়ারবাজারে টানা উত্থান দেখা গেলেও সেই গতি ধরে রাখা যায়নি। গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসের উত্থানের পর চলতি সপ্তাহের শুরুতে টানা দুই দিন দরপতন হয়। এরপর মঙ্গলবার ও বুধবার বাজার ঘুরে দাঁড়ালেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ফের পতনে শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও কমে ৭০০ কোটি টাকার ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিন ধরে জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের পর শেয়ারবাজারে টানা উত্থান দেখা গেলেও সেই গতি ধরে রাখা যায়নি। গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসের উত্থানের পর চলতি সপ্তাহের শুরুতে টানা দুই দিন দরপতন হয়। এরপর মঙ্গলবার ও বুধবার বাজার ঘুরে দাঁড়ালেও সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ফের পতনে শেষ হয়েছে লেনদেন। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও কমে ৭০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। আগের দিন লেনদেন ৭৫০ কোটি টাকা ছাড়িয়েছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ০.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে। আগের দুই কার্যদিবস মঙ্গলবার ও বুধবার সূচকটি যথাক্রমে ৪৪ পয়েন্ট ও ৮ পয়েন্ট বেড়েছিল। তবে চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস রোববার ও সোমবার সূচকটি ১০ পয়েন্ট করে কমেছিল। এর আগে জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্তের খবরে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস বৃহস্পতিবার ও বুধবার ডিএসইএক্স যথাক্রমে ৭১ পয়েন্ট ও ৫৭ পয়েন্ট বেড়েছিল।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ৫৮ কোটি ৬৫ লাখ টাকা বা প্রায় ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে ১৩৩টির বা ৩৪.৯১ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৭টির বা ৫১.৭১ শতাংশের। আর ৫১টির বা ১৩.৩৯ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭২টি কোম্পানির মধ্যে ৬৮টির দর বেড়েছে, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দর।

এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬২ পয়েন্টে। আগের কার্যদিবস বুধবার সূচকটি ২০ পয়েন্ট বেড়েছিল। ওই দিন এক্সচেঞ্জটিতে ১৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।