মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের
খেলাধুলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মোসাদ্দেক হোসেন। তাঁর অপরাজিত ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে ৩০৯ রান তুলে দিন শেষ করেছে ময়মনসিংহ। দলের অন্য কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা না পেলেও একাই লড়েছেন মোসাদ্দেক।
অন্যদিকে, খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে রংপুর। প্রথম দিন শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ ৩২০ রান। এ ম্যাচে জয় কিংবা ড্র করলেই ...
খেলাধুলা ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন মোসাদ্দেক হোসেন। তাঁর অপরাজিত ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে রাজশাহীর বিপক্ষে ৭ উইকেটে ৩০৯ রান তুলে দিন শেষ করেছে ময়মনসিংহ। দলের অন্য কোনো ব্যাটসম্যান ফিফটির দেখা না পেলেও একাই লড়েছেন মোসাদ্দেক।
অন্যদিকে, খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে রংপুর। প্রথম দিন শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ ৩২০ রান। এ ম্যাচে জয় কিংবা ড্র করলেই জাতীয় ক্রিকেট লিগে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হবে খুলনা।
সাত বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে মোসাদ্দেকের সেঞ্চুরি
সিলেটের একাডেমি মাঠে রাজশাহীর বিপক্ষে ব্যাট করতে নেমে দারুণ এক ইনিংস খেলেছেন ময়মনসিংহের মোসাদ্দেক হোসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর ১২তম সেঞ্চুরি। ২০১৮ সালে বিসিএলে সেঞ্চুরি করার পর এই সংস্করণে আবার তিন অঙ্কের দেখা পেলেন তিনি।
মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানের ইনিংসে ৭ উইকেটে ৩০৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ময়মনসিংহ। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন আল আমিন জুনিয়র। বাকি কোনো ব্যাটসম্যান ফিফটির ঘরেও পৌঁছাতে পারেননি।
ফজলে মাহমুদের ব্যাটে বরিশালের লড়াই
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বরিশাল। দিন শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৩ রান। দলের হয়ে একমাত্র ফিফটি পেয়েছেন ফজলে মাহমুদ। ১৫৬ বল মোকাবিলা করে ৬৮ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।
সিলেটের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ, নাসুম আহমেদ ও নাঈম আহমেদ।
২৮৮ রানেই থামল চট্টগ্রাম
ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৮ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। দলের হয়ে ওপেনার সাদিকুর রহমান ও শাহ পরান ফিফটি পেয়েছেন। তবে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।
ঢাকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন সুমন খান। দুটি উইকেট পেয়েছেন সালাউদ্দীন শাকিল। জবাবে প্রথম দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ২০ রান করেছে ঢাকা। আল বিন সিদ্দিক ৬ ও আনিসুল ইসলাম ১৪ রান নিয়ে অপরাজিত আছেন।
খুলনার শিরোপার অপেক্ষা
রংপুরের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান করেছেন আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া ওপেনার মিম মোসাদ্দেক ও অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন পেয়েছেন ফিফটি। এবারের জাতীয় লিগে ১৩ ইনিংসে এটি মিম মোসাদ্দেকের অষ্টম পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সফর আলী ও শেখ পারভেজ। ম্যাচে জয় কিংবা ড্র পেলেই জাতীয় ক্রিকেট লিগে অষ্টমবারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়বে খুলনা।
