শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাবে ৭৭ কোটি ৯০ লাখ টাকার বিভিন্ন খাতে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। কোম্পানিটির বিক্রি, পাওনা, ক্রয়, মজুত পণ্য, কৃষিজ সম্পদ ও কর্মীদের সুবিধাসংক্রান্ত হিসাবে একাধিক অসংগতি ও বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। অধিকাংশ লেনদেন নগদে হওয়ায় বিক্রি ও ক্রয়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। এমনকি ১৯ কোটি ৭২ লাখ টাকার মজুত পণ্যের পরিমাণও নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া ন্যূনতম পরিশোধিত মূলধনের ...

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাবে ৭৭ কোটি ৯০ লাখ টাকার বিভিন্ন খাতে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। কোম্পানিটির বিক্রি, পাওনা, ক্রয়, মজুত পণ্য, কৃষিজ সম্পদ ও কর্মীদের সুবিধাসংক্রান্ত হিসাবে একাধিক অসংগতি ও বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। অধিকাংশ লেনদেন নগদে হওয়ায় বিক্রি ও ক্রয়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। এমনকি ১৯ কোটি ৭২ লাখ টাকার মজুত পণ্যের পরিমাণও নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া ন্যূনতম পরিশোধিত মূলধনের শর্ত পূরণ না করা এবং কর্মীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড গঠন না করার বিষয়ও উঠে এসেছে।

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষা প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

এসব বিষয়ে জানতে ফাইন ফুডসের সচিব মো. সোহেল হোসাইন বলেন, নিরীক্ষক তাদের মতো করে প্রশ্ন তুলেছেন এবং আমরা উনাদের জবাব দিয়েছি। এরমধ্যে নগদ লেনদেনের বিষয়টি কমিয়ে আনার চেষ্টা করছি। এছাড়া অন্যান্য বিষয় সমাধানে কাজ চলছে। তবে মাছের ব্যবসা হওয়ায় পানির নিচের প্রকৃত মজুদ পণ্য যাচাই করা সবসমই কঠিন।

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির রাজস্ব ও কৃষিপণ্যসহ অন্যান্য বিক্রির পরিমাণ ছিল ২৯ কোটি ২১ লাখ টাকা। এ সময়ে এসব বিক্রি থেকে আদায় হয়েছে ২২ কোটি ৮ লাখ ৬০ হাজার ৯৩০ টাকা। এর মধ্যে মাত্র ২০ দশমিক ৯৩ শতাংশ অর্থ ব্যাংকিং চ্যানেলে আদায় করা হয়েছে। অর্থাৎ আদায়ের বড় অংশই হয়েছে নগদে। অন্যদিকে কোম্পানিটি গবাদিপশু কেনায় ৮৯ লাখ ৮০ হাজার টাকা এবং কাঁচামাল, মাছের পোনা ও এক দিন বয়সী মুরগির বাচ্চা কেনায় ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করেছে। এসব লেনদেনের সমর্থনে কাগজপত্র থাকলেও নগদে সম্পন্ন হওয়ায় লেনদেনগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। ফলে বিক্রি, পাওনা, ক্রয়, বিক্রীত পণ্যের ব্যয় ও দেনার হিসাবে সংশ্লিষ্ট পরিমাণে ভুল থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিরীক্ষকের দ্বিতীয় আপত্তি কোম্পানিটির কৃষিজ সম্পদ ও গবাদিপশুর মূল্যায়ন নিয়ে। আর্থিক প্রতিবেদনের নোট ৫.০৩ অনুযায়ী, কোম্পানিটির ক্যাপিটাল স্টকের পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে রয়েছে প্ল্যান্টেশন ও গবাদিপশু। আন্তর্জাতিক হিসাবমান আইএএস-৪১ অনুযায়ী, এ ধরনের জীবন্ত সম্পদ প্রাথমিক স্বীকৃতি ও পরবর্তী প্রতিবেদন তৈরির সময় বিক্রয় ব্যয় বাদ দিয়ে ন্যায্য মূল্যে মূল্যায়ন করতে হয়। কিন্তু কোম্পানিটি সম্পদগুলো ঐতিহাসিক ক্রয়মূল্যে দেখিয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব সম্পদের ন্যায্য মূল্য নির্ধারণ না করায় আর্থিক প্রতিবেদনে কত টাকার ভুল হয়েছে, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।

তৃতীয় আপত্তি কোম্পানিটির মজুত পণ্যের হিসাব নিয়ে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির মজুত পণ্যের পরিমাণ দেখানো হয়েছে ১৯ কোটি ৭২ লাখ টাকা। নিরীক্ষক সরেজমিনে মজুত যাচাইয়ে অংশ নিলেও জীবন্ত মাছ ও অন্যান্য জৈব মজুতের প্রকৃতি বিবেচনায় প্রতিবেদন তৈরির তারিখে সেগুলোর প্রকৃত পরিমাণ নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে মজুত পণ্য এবং বিক্রীত পণ্যের ব্যয়ের হিসাবে ভুল থাকার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

চতুর্থ আপত্তি কর্মীদের বেতন-ভাতা পরিশোধের পদ্ধতি নিয়ে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি বেতন, মজুরি, ভাতা ও বোনাস বাবদ ৫১ লাখ ৫৭ হাজার ২৩৫ টাকা ব্যয় দেখিয়েছে। তবে নিরীক্ষায় দেখা গেছে, কর্মীদের বেতন নগদে পরিশোধ করা হয়েছে। আয়কর আইন ২০২৩-এর ৫৫(ত) ধারা অনুযায়ী, ব্যাংকিং চ্যানেল ছাড়া কর্মীদের বেতন বা পারিশ্রমিক পরিশোধ করা হলে তা গ্রহণযোগ্য ব্যয় হিসেবে বিবেচিত হবে না। ফলে কোম্পানিটির এ ধরনের বেতন পরিশোধের পদ্ধতিকে আইনের লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছেন নিরীক্ষক।

পঞ্চম আপত্তি কোম্পানিটির পরিশোধিত মূলধন নিয়ে। নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, ফাইন ফুডসের পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ১৮০ টাকা। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত সীমার চেয়ে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬ কোটি ২ লাখ ৬০ হাজার ৮২০ টাকা কম। এটিকে বিএসইসির বিধিবিধানের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন নিরীক্ষক।

এ ছাড়া কোম্পানিটি কর্মীদের জন্য কোনো গ্র্যাচুইটি ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড গঠন বা স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত) এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী এ ধরনের সুবিধা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১৯ অনুযায়ী কর্মীদের প্রাপ্য সুবিধার দায় আর্থিক প্রতিবেদনে স্বীকৃতি দেওয়ার কথা। কিন্তু কোম্পানিটি তা করেনি। ফলে এর কারণে কোম্পানির দায়, ব্যয় ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটিতে কী পরিমাণ আর্থিক প্রভাব পড়েছে, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।