বিনোদন প্রতিবেদক : পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। দেশটির এক অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমা নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের অবস্থা ও সিনেমার আয় নিয়ে তাঁর দেওয়া তথ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে দেশটিতে ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল চালু থাকা এবং প্রতিটি সিনেমা ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করার দাবির সঙ্গে বাস্তব তথ্যের ...

বিনোদন প্রতিবেদক : পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। দেশটির এক অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমা নিয়ে কথাবার্তা চলছে বলেও জানিয়েছেন তিনি। তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের অবস্থা ও সিনেমার আয় নিয়ে তাঁর দেওয়া তথ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে দেশটিতে ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল চালু থাকা এবং প্রতিটি সিনেমা ২০০ থেকে ৩০০ কোটি রুপি আয় করার দাবির সঙ্গে বাস্তব তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শাকিব। পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের প্রশংসা করতে গিয়ে তিনি জানান, দেশটিতে বর্তমানে ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল রয়েছে। এর বেশির ভাগই বহুপর্দার প্রেক্ষাগৃহ। পাশাপাশি দেশটির সিনেমার আয় নিয়েও বড় অঙ্কের কথা উল্লেখ করেন তিনি।

তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত তথ্য বলছে ভিন্ন কথা। ২০২৪ সালের এপ্রিলে দেশটির সংবাদমাধ্যম ‘ডন’-এর এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ছিল। এসব হলে পর্দার সংখ্যা ছিল প্রায় ১৫০টি।

এর পরের বছর, ২০২৫ সালের মার্চে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানে প্রায় ৪০ শতাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ দেশটিতে সচল পর্দার সংখ্যা ছিল ১১৫টি। উল্লেখ্য, পর্দার সংখ্যা আর সিনেমা হলের সংখ্যা এক নয়। একটি বহুপর্দার প্রেক্ষাগৃহে একাধিক পর্দা থাকতে পারে।

পাকিস্তানে ১ হাজার ২০০ সিনেমা হল থাকার তথ্যটি দেশটির পুরোনো চিত্রের সঙ্গে মেলে। ১৯৮০ সালের দিকে সেখানে এ সংখ্যক সিনেমা হল ছিল বলে উল্লেখ করা হয়েছে। একই সময়ে বাংলাদেশেও সিনেমা হলের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। সময়ের সঙ্গে দুই দেশের চলচ্চিত্রশিল্পেই সংকট তৈরি হয়েছে এবং কমেছে প্রেক্ষাগৃহের সংখ্যা।

সিনেমার আয় নিয়েও শাকিবের বক্তব্যে অতিরঞ্জন রয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’। ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৪০০ কোটি পাকিস্তানি রুপি আয় করেছিল। এ ছাড়া ‘আগ লাগে বস্তি মে’ ছাড়া আর কোনো পাকিস্তানি সিনেমা ১০০ কোটি রুপির ঘর পেরিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৫০ কোটি রুপির বেশি আয় করা সিনেমার সংখ্যাও পাঁচটির মতো।

শাকিবের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর দেওয়া তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেও দেখছেন কেউ কেউ। তাঁদের মতে, দুই দেশের শিল্পী ও নির্মাতাদের যৌথ উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।