শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সুদৃঢ় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও টেকসই ব্যবসায়িক সম্ভাবনা থাকা আবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য রিটার্ন সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে বিএসইসি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তুতি ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সুদৃঢ় ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক সক্ষমতা ও টেকসই ব্যবসায়িক সম্ভাবনা থাকা আবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেছেন, শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, ব্যবসার সম্ভাব্যতা এবং শেয়ারহোল্ডারদের জন্য রিটার্ন সৃষ্টির সক্ষমতা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে বিএসইসি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে দেশের মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রস্তুতি ও শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের সক্ষমতা বাড়াতে আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএসইসি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের (ডব্লিউডিআই) যৌথ উদ্যোগে ‘ইনভেস্টমেন্ট রেডিনেস ওয়ার্কশপ ফর মিডক্যাপ এন্টারপ্রাইজেস ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন খাতের ২৪টি এসএমই ও ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ৩০ জন প্রতিনিধিসহ মোট ৪০ জন অংশ নিচ্ছেন।
উদ্বোধনী বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের এসএমই খাতের বিকাশে প্রধান দুটি প্রতিবন্ধকতা হলো প্রয়োজনীয় মূলধনের অভাব এবং আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দুর্বলতা। ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে এখনো ব্যবসার সম্ভাবনা ও কার্যক্রমের চেয়ে জামানতের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অনেক সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত হন।
তিনি আরও বলেন, অনেক উদ্যোক্তা ব্যবসার আয়-ব্যয়ের হিসাব রাখলেও প্রকৃত মুনাফা, লোকসান এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ ঝুঁকি ও ব্যবসার স্থায়িত্ব মূল্যায়নে উদ্যোক্তাদের মৌলিক আর্থিক জ্ঞান থাকা জরুরি। বিশেষ করে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ আর্থিক পরিকল্পনা এবং বিভিন্ন পরিস্থিতিতে ব্যবসার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করা প্রয়োজন।
মাসুদ খান বলেন, ব্যাংকঋণের বাইরে উদ্যোক্তাদের জন্য শেয়ারবাজার হতে পারে মূলধন সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিকল্প উৎস। বিএসইসি দেশের এসএমই ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে স্বাগত জানায়। তবে উদ্যোক্তাদের স্বচ্ছ উদ্দেশ্য, শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের মানসিকতা নিয়ে শেয়ারবাজারে আসতে হবে। কারণ, বিনিয়োগকারীরা তাঁদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করেন। সেই বিনিয়োগের বিপরীতে যথাযথ রিটার্ন নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
কর্মশালায় আরও বক্তব্য দেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম। প্রশিক্ষণ পরিচালনা করছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের উইলিয়াম ডেভিডসন ইনস্টিটিউটের সিনিয়র ডিরেক্টর (ইমপ্যাক্ট ইনভেস্টিং) গগনদীপ সিং বক্সী।
দুই দিনব্যাপী কর্মশালায় উদ্যোক্তাদের মূলধন সংগ্রহ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে। প্রথম দিনে বিনিয়োগ প্রস্তুতির ধারণা, নিজস্ব ব্যবসার মূল্যায়ন, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং কার্যকর পিচ ডেক তৈরির বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
দ্বিতীয় দিনে ব্যবসার মূল্যায়ন, ডিউ ডিলিজেন্স প্রস্তুতি, টার্ম শিট, শেয়ারহোল্ডার চুক্তি এবং সংশ্লিষ্ট কেস স্টাডি নিয়ে আলোচনা হবে। ১৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালাটি শেষ হবে। এতে সমাপনী বক্তব্য দেবেন বিএসইসির কমিশনার মো. নাফিজ আল তারিক এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন তিনি।
