টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের শিল্পগোষ্ঠী টাটার পারিবারিক ও পরিচালনাগত মতবিরোধ নতুন করে আলোচনায় এসেছে। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটার অবস্থানের বিপরীতে মত দিয়েছেন তাঁর ছোট ভাই জিমি নাভাল টাটা। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের তৃতীয় মেয়াদে নিয়োগ এবং প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে তালিকাভুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। অন্যদিকে, নোয়েল টাটা এ দুই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাটা ট্রাস্টসের এক সদস্যের সঙ্গে নথিভুক্ত কথোপকথনে প্রতিষ্ঠানটির পরিচালনব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জিমি ...
অর্থনৈতিক প্রতিবেদক : ভারতের শিল্পগোষ্ঠী টাটার পারিবারিক ও পরিচালনাগত মতবিরোধ নতুন করে আলোচনায় এসেছে। টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটার অবস্থানের বিপরীতে মত দিয়েছেন তাঁর ছোট ভাই জিমি নাভাল টাটা। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের তৃতীয় মেয়াদে নিয়োগ এবং প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে তালিকাভুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। অন্যদিকে, নোয়েল টাটা এ দুই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাটা ট্রাস্টসের এক সদস্যের সঙ্গে নথিভুক্ত কথোপকথনে প্রতিষ্ঠানটির পরিচালনব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জিমি নাভাল। পরে সেই বক্তব্য ট্রাস্টসের অন্য সদস্যদের কাছেও পৌঁছায়। ওই কথোপকথনে চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ এবং টাটা সন্সের শেয়ারবাজারে তালিকাভুক্তির পক্ষে মত দেন তিনি।
২০২৪ সালের অক্টোবরে মারা যান টাটা গোষ্ঠীর কিংবদন্তি শিল্পপতি রতন টাটা। তাঁর ছোট ভাই জিমি নাভাল। আর রতন টাটার সৎভাই নোয়েল টাটা বর্তমানে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান। রতন টাটার মৃত্যুর পর দাতব্য প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন তিনি।
টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের মূল মালিকানা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টাটা সন্স। এর ৬৬ শতাংশ শেয়ার রয়েছে টাটা ট্রাস্টসের হাতে। গত সেপ্টেম্বরে এন চন্দ্রশেখরনকে তৃতীয় মেয়াদে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়েও অনুমোদন দেওয়া হয়। তবে এ দুই সিদ্ধান্তের বিরোধিতা করছেন নোয়েল টাটা।
নোয়েলের যুক্তি, টাটা সন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে গোষ্ঠীটির দীর্ঘদিনের ব্যবসায়িক আদর্শ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁর মতে, টাটাদের ব্যবসায় মুনাফার চেয়ে জনসেবাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তালিকাভুক্তির ফলে হাজার হাজার নতুন শেয়ারধারী যুক্ত হবেন, যাঁদের কাছে জনকল্যাণের চেয়ে মুনাফা অর্জন বেশি গুরুত্ব পেতে পারে।
গত ১৪ নভেম্বর এক অনুষ্ঠানে নোয়েল টাটা বলেন, টাটা সন্সের শেয়ারবাজারে তালিকাভুক্তি প্রতিষ্ঠানটির কাজের ধরন আমূল বদলে দিতে পারে। তাঁর আশঙ্কা, তালিকাভুক্ত হলে প্রতিষ্ঠানের অংশীদারসংখ্যা ৩০ থেকে ৪০ হাজারে পৌঁছাতে পারে। এতে জনহিতকর কাজের পরিবর্তে মুনাফা বাড়ানোর চাপ তৈরি হবে।
অন্যদিকে, জিমি নাভালের অবস্থান হলো, টাটা ট্রাস্টসের মূল উদ্দেশ্য জনসেবা, টাটা পরিবারের স্বার্থ রক্ষা নয়। এ কারণে দাতব্য প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে টাটা পরিবারের সদস্যসংখ্যা কমিয়ে একজন করার পক্ষে মত দিয়েছেন তিনি।
১৯৮৯ সাল থেকে স্যার রতন টাটা ট্রাস্টসের পরিচালনা পর্ষদের সদস্য জিমি নাভাল। ট্রাস্টটির তিনজন স্থায়ী সদস্যের একজন তিনি। এ ছাড়া টাটা সন্সে তাঁর ০.৮১ শতাংশ শেয়ার রয়েছে।
