শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) সঙ্গে গ্যাস সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের ১ হাজার ১৯১ কোটি টাকার বেশি বিল নিয়ে বিরোধ রয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ অর্থ দাবি করেছে। তবে গ্যাসের প্রযোজ্য শুল্কহার নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এ দায়ের চূড়ান্ত পরিমাণ এখনো অনিশ্চিত।

২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানির ...

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) সঙ্গে গ্যাস সরবরাহকারী দুই প্রতিষ্ঠানের ১ হাজার ১৯১ কোটি টাকার বেশি বিল নিয়ে বিরোধ রয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ অর্থ দাবি করেছে। তবে গ্যাসের প্রযোজ্য শুল্কহার নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এ দায়ের চূড়ান্ত পরিমাণ এখনো অনিশ্চিত।

২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির নিরীক্ষক এসএফ আহমেদ অ্যান্ড কোম্পানির জ্যেষ্ঠ অংশীদার এমডি এনামুল হক চৌধুরী এসব বিষয় তুলে ধরেছেন।

নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত তিতাস গ্যাসের দাবি ছিল ৬৩৮ কোটি ৮৭ লাখ টাকা। আর কর্ণফুলী গ্যাসের দাবি ছিল ৫৫২ কোটি ৫২ লাখ টাকা। সব মিলিয়ে দুই প্রতিষ্ঠানের দাবি দাঁড়িয়েছে ১ হাজার ১৯১ কোটি ৩৯ লাখ টাকা। এর বিপরীতে কোম্পানিটি ৩৯৩ কোটি ৬৭ লাখ টাকা সঞ্চিতি রেখেছে। তবে এ সঞ্চিতি গ্যাসের ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের শুল্কহারে বিলের ক্ষেত্রে করা হয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২ জানুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নেয়, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম নির্ধারিত হবে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) কেন্দ্রের হারে। আর জাতীয় গ্রিড ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) বাইরে অন্য গ্রাহকদের সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম নির্ধারণ হবে ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের হারে।

এই সিদ্ধান্তের পর তিতাস ও কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের কাছে অতিরিক্ত বিল দাবি করে। তিতাস ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য ৮৫ কোটি ৪৯ লাখ টাকা এবং কর্ণফুলী গ্যাস ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত সময়ের জন্য ৪১ কোটি ২০ লাখ টাকা অতিরিক্ত বিল দাবি করে। কোম্পানিটি এসব দাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। পরে আপিল বিভাগে রিভিউ আবেদন করলেও তা খারিজ হয়।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ১৫ অক্টোবর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিদ্ধান্ত নেয়, জাতীয় গ্রিড ও বেপজায় সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম আইপিপি হারে এবং অন্য গ্রাহকদের সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম ক্যাপটিভ হারে নির্ধারণ করা হবে। তবে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত মধ্যবর্তী সময়ের গ্যাসের দাম নিয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।

এরপর ২০২৫ সালের মার্চে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগের সিদ্ধান্ত বাতিল করে। এতে বেপজায় সরবরাহ করা বিদ্যুতের জন্য ব্যবহৃত গ্যাসের দাম নিয়েও নতুন করে বিরোধ তৈরি হয়। পরে ২০২৫ সালের ৯ নভেম্বরের এক বৈঠকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রের গ্যাস বিল বিদ্যমান গ্যাস সরবরাহ চুক্তি অনুযায়ী করার সিদ্ধান্ত জানানো হয়।

নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরোধ নিষ্পত্তির জন্য ২০২৬ সালের ১৮ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। ৬ সেপ্টেম্বর দপ্তর আদেশের মাধ্যমে ওই কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়। তবে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি এবং এর আর্থিক প্রভাব এখনো অনিশ্চিত।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বড় অঙ্কের লেনদেন

নিরীক্ষক ইউনাইটেড পাওয়ার ও এর সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য অঙ্কের সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছেন। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে বিল আদায়ে বিলম্ব এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত বজায় রাখার প্রয়োজনীয়তা থেকে এসব লেনদেন হয়েছে।

এ জন্য গ্রুপের ব্যবস্থাপনা কেন্দ্রীয়ভাবে অর্থ ব্যবস্থাপনার ব্যবস্থা করেছে। এর আওতায় কোনো প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন হলে অন্য প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ ব্যবহার করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার লিমিটেড থেকে ২ হাজার ৯৪৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নিয়েছে ইউনাইটেড পাওয়ার। একই সময়ে প্রতিষ্ঠানটিকে ঋণ দিয়েছে ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। এ ছাড়া ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ২ হাজার ৩৭৯ কোটি ৩৩ লাখ টাকা ঋণ দিয়েছে কোম্পানিটি। অন্যদিকে প্রতিষ্ঠানটি থেকে ঋণ নিয়েছে ১৩৩ কোটি ৩০ লাখ টাকা।

সহযোগী প্রতিষ্ঠানের লভ্যাংশে কর অব্যাহতি

নিরীক্ষকের বিশেষ গুরুত্বসংবলিত অনুচ্ছেদে সহযোগী প্রতিষ্ঠানগুলোর করমুক্ত মুনাফা থেকে পাওয়া লভ্যাংশকে করমুক্ত হিসেবে বিবেচনার বিষয়টিও রয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ আইনজীবীদের মতামত এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে এসব লভ্যাংশকে আয়করমুক্ত হিসেবে বিবেচনা করেছে। এ বিষয়ে নিরীক্ষক আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করলেও তাঁর নিরীক্ষা মতামত পরিবর্তন করেননি।