বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধের নিয়ম শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির (ডিটিএ) সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে। যৌক্তিক কারণে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দিতে না পারলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনা হবে না।
গত রোববার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান ...

গত রোববার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান এ-সংক্রান্ত নির্দেশনায় স্বাক্ষর করেন। কমিশনের আইন বিভাগের সিএমআরআরসি বিভাগের নিয়ন্ত্রক শাখা থেকে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলেন, আগের নিয়মে বার্ষিক লভ্যাংশ সাধারণ সভায় অনুমোদনের ৩০ দিনের মধ্যে এবং অন্তর্বর্তী লভ্যাংশ রেকর্ড তারিখের ৩০ দিনের মধ্যে বিতরণ করতে হতো। কিন্তু বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে হলে এনবিআর থেকে ডিটিএ সনদ সংগ্রহ করতে হয়। এই সনদ পেতে কখনো দুই থেকে তিন মাস সময় লেগে যায়। ফলে কোম্পানিগুলোর ইচ্ছা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ দেওয়া সম্ভব হতো না।
তিনি বলেন, নতুন নির্দেশনায় বিদেশি শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে ডিটিএ সনদ পাওয়ার পর ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এতে কোম্পানিগুলোর নিয়ম পরিপালন সহজ হবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও সনদ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পাবেন।
নতুন নির্দেশনার মাধ্যমে বিএসইসি ২০২১ সালের ১৪ জানুয়ারি এবং ২০২৪ সালের ২০ মে জারি করা আগের দুটি নির্দেশনায় সংশোধনী এনেছে। বিশেষ করে নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পরিশোধে ব্যর্থতা এবং অনিবার্য কারণে বিলম্বের বিষয়ে আগের নির্দেশনার ১ নম্বর ধারার (ই) উপধারায় পরিবর্তন আনা হয়েছে।
এদিকে লভ্যাংশ বিতরণ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, লভ্যাংশ বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে কমিশন ও দুই স্টক এক্সচেঞ্জে প্রাথমিক পরিপালন প্রতিবেদন জমা দিতে হতো। নতুন নির্দেশনায় এই নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের বিষয়ে পৃথক প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
নতুন নিয়মে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণ শেষ হওয়ার পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জে পৃথক প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেও প্রতিবেদনটি প্রকাশ করতে হবে।
বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০-এ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সংশোধনী জারি করেছে।