চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অপ্রয়োজনীয় ২১০টি প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব প্রকল্পের মধ্যে ২৫টি চলমান এবং ১৮৫টি নতুন প্রকল্প। একই সঙ্গে আরও ৪৩৬টি প্রকল্পের পরিধি, লক্ষ্য, ব্যয় ও সময়সীমা পুনর্নির্ধারণ বা পুনর্গঠন করা হবে। উন্নয়ন ব্যয়ে শৃঙ্খলা আনা এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা ...

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অপ্রয়োজনীয় ২১০টি প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব প্রকল্পের মধ্যে ২৫টি চলমান এবং ১৮৫টি নতুন প্রকল্প। একই সঙ্গে আরও ৪৩৬টি প্রকল্পের পরিধি, লক্ষ্য, ব্যয় ও সময়সীমা পুনর্নির্ধারণ বা পুনর্গঠন করা হবে। উন্নয়ন ব্যয়ে শৃঙ্খলা আনা এবং সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে প্রকল্পগুলোর সামঞ্জস্য নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা বিভাগের নাজিয়া-সালমা হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গত ১০ নভেম্বর বৈঠকের কার্যবিবরণী জারি করা হয়।

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আকতার জানান, চলতি অর্থবছরের এডিপিতে ১ হাজার ১০৭টি চলমান প্রকল্প এবং অনুমোদনের অপেক্ষায় থাকা ১ হাজার ২৬৫টি নতুন প্রকল্প রয়েছে। সব মিলিয়ে প্রকল্পের সংখ্যা ২ হাজার ৩৭২টি। এসব প্রকল্প পর্যালোচনায় রিস্কোপিং ও রিপারপাসিংয়ের জন্য ৪৩৬টি বাছাই করা হয়েছে। এর মধ্যে চলমান প্রকল্প ১৫৯টি এবং নতুন প্রকল্প ২৭৭টি। এ ছাড়া ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে ২৭০টি প্রকল্পের।

রিস্কোপিং ও রিপারপাসিংয়ের অর্থ হলো, প্রকল্পের পরিধি, লক্ষ্য, ব্যয় বা সময়সীমা নতুন করে নির্ধারণ কিংবা প্রয়োজন অনুযায়ী পুনর্গঠন করা। সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে চলমান এবং অননুমোদিত নতুন প্রকল্পগুলো বিভিন্ন কর্মসূচির আওতায় গুচ্ছভিত্তিক সাজানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অধীনে থাকা ৬৩৩টি প্রকল্পের মধ্যে ১২০টি পুনর্গঠন বা পুনর্বিন্যাসের জন্য বাছাই করা হয়েছে। এ বিভাগের ৭৯টি প্রকল্প ২০২৭ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৫৫টি প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে ভৌত অবকাঠামো বিভাগের মোট ৯৩১টি প্রকল্পের মধ্যে ১১০টি পুনর্গঠন বা পুনর্বিন্যাস করা হবে। এ বিভাগের ৯৯টি প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। বাদ দেওয়া হবে ৬৩টি প্রকল্প।

বৈঠকে সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নেওয়া বা নেওয়ার প্রস্তুতি থাকা বিশেষ গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে পরবর্তী সভায় তাদের পরিকল্পনা তুলে ধরতে বলা হয়েছে।

এ ছাড়া চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) সম্ভাব্য ব্যয় নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। এ জন্য এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১৫টি মন্ত্রণালয় ও বিভাগকে বিস্তারিত কর্মপরিকল্পনাসহ পরবর্তী সভায় উপস্থিত হতে বলা হয়েছে।

বৈঠকে আরও বলা হয়, পুনর্গঠন বা পুনর্বিন্যাস করা প্রকল্পসহ চলমান ও নতুন প্রকল্পগুলো সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় গুচ্ছভিত্তিকভাবে নিতে হবে। একই সঙ্গে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে এডিপিতে বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিচালন বাজেটের ব্যয় কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।