দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। গত সেপ্টেম্বর শেষে তফসিলি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ গুণের বেশি বেড়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে তিনি ব্যাংক খাতের ...

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় পৌঁছেছে। গত সেপ্টেম্বর শেষে তফসিলি ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি হয়ে পড়েছে। পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ গুণের বেশি বেড়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে তিনি ব্যাংক খাতের খেলাপি ঋণের চিত্র তুলে ধরেন।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ ছিল খেলাপি। ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে।

২০২৪ সালে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা, যা মোট ঋণের ১৭ দশমিক ৮৩ শতাংশ।

পরের বছর পরিস্থিতির আরও অবনতি হয়। ২০২৫ সালে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপি ঋণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।

সর্বশেষ গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ এখন খেলাপি।

এদিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যোগ্যতা ও প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সম্পূরক প্রশ্নে তিনি ব্যাংক খাতের অনিয়মের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়ী করেন। একই সঙ্গে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভাগটি বিলুপ্ত করার উদ্যোগের অগ্রগতি জানতে চান।

জবাবে অর্থমন্ত্রী বলেন, শুধু ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।