খেলাধুলা ডেস্ক :   আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সাত বছর পর এবার আইপিএলকেও বিদায় জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর মধ্য দিয়ে শেষ হলো তাঁর ১৯ বছরের আইপিএল ক্যারিয়ার। তবে খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও আগামী আসরে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি।

আজ আনুষ্ঠানিকভাবে ধোনির অবসরের ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ...

খেলাধুলা ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সাত বছর পর এবার আইপিএলকেও বিদায় জানালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর মধ্য দিয়ে শেষ হলো তাঁর ১৯ বছরের আইপিএল ক্যারিয়ার। তবে খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও আগামী আসরে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৫ বছর বয়সী এই কিংবদন্তি।

আজ আনুষ্ঠানিকভাবে ধোনির অবসরের ঘোষণা দিয়েছে চেন্নাই সুপার কিংস। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে এসেছে এ ঘোষণা। ২০২৭ আইপিএল সামনে রেখে দল গোছানোর প্রস্তুতির মধ্যেই ক্রিকেটার হিসেবে ধোনির বিদায়ের খবর জানাল ফ্র্যাঞ্চাইজিটি।

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন এক বিবৃতিতে ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ‘ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে চিন্তাও করা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। এই যাত্রায় সাফল্য, ব্যর্থতা এসেছে এবং এর বাইরেও অনেক কিছু। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটাই কারণ, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের এত দূর আসতে সাহায্য করেছে।’

ধোনির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীনিবাসন আরও বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনের জন্য নয়, মানুষ হিসেবে সে যেমন, সেটির জন্যও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এই জায়গা সব সময়ই তার ঘর হয়ে থাকবে।’

ক্রিকেটার হিসেবে অবসর নিলেও চেন্নাইয়ের সঙ্গ ছাড়ছেন না ধোনি। ২০২৭ আইপিএলের জন্য নতুন করে সাজানো দলের কোচিং স্টাফের সঙ্গে কাজ করবেন তিনি। নতুন কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির খান। সহকারী কোচ অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম। বোলিং কোচ মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ জেমস ফস্টার।

গত তিন মৌসুমে আইপিএলের প্লে-অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই। এ ব্যর্থতা কাটিয়ে উঠতে আগামী আসরের আগে কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। মেন্টর হিসেবে ধোনির অভিজ্ঞতা দলটির ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

২০০৮ সালে আইপিএলের প্রথম খেলোয়াড় নিলামে ধোনিকে দলে নিয়েছিল চেন্নাই। এরপর দলটির হয়ে গড়ে তুলেছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। তাঁর নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। এ ছাড়া ২০১০ ও ২০১৪ সালে জিতেছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা।

আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। ২০১৬ ও ২০১৭ সালে দুই মৌসুমের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ ছিল ফ্র্যাঞ্চাইজিটি। সে সময় রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।

আইপিএলে ২৭৮ ম্যাচ খেলে ধোনির সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। ৩৮.৩০ গড়ের পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৩৭.৪৫। দীর্ঘ এই পথচলায় পাঁচটি আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি টুর্নামেন্টের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন তিনি।