অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ লুটপাটে দেশের ব্যাংক খাত গভীর সংকটে পড়েছে। ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ায় অধিকাংশ ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর বড় অংশ আদায় হওয়ার সম্ভাবনাও কম। প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ও বিপুল ঋণ চলে যাওয়াকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে খেলাপি ঋণের ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ লুটপাটে দেশের ব্যাংক খাত গভীর সংকটে পড়েছে। ব্যাংকগুলোর বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ায় অধিকাংশ ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর বড় অংশ আদায় হওয়ার সম্ভাবনাও কম। প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ও বিপুল ঋণ চলে যাওয়াকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে খেলাপি ঋণের হার প্রায় ৩৩ শতাংশ। অথচ প্রতিবেশী ভারতে এ হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। শুধু খেলাপি ঋণ নয়, ব্যাংকগুলোর মূলধন পরিস্থিতিও উদ্বেগজনক। মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। এতে ব্যাংক খাতের সামগ্রিক আর্থিক সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে।

একসময় অর্থনৈতিক অগ্রগতির কারণে বাংলাদেশকে উন্নয়নের ‘সুপারস্টার’ হিসেবে দেখা হতো। স্বাধীনতার পর দারিদ্র্য, দুর্যোগ ও দুর্বল অবকাঠামোর চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশটি প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য ও শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। দুর্বল শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মধ্যেও এই সাফল্য এসেছিল। তবে ব্যাংক খাতের বর্তমান সংকট সেই অর্জনকে ঝুঁকির মুখে ফেলেছে বলে মনে করছে দ্য ইকোনমিস্ট।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতের অনিয়ম ও লুটপাটের চিত্র সামনে আনার উদ্যোগ নেয়। এ বিষয়ে প্রতিবেদন তৈরিতে যুক্ত ছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তাঁর ভাষায়, ‘ব্যাংক লুটপাটের স্বৈরাচারী পদ্ধতির উত্তরাধিকার—আমরা ঠিক এ বিষয়টিই মোকাবিলা করছি।’

প্রতিবেদনে বলা হয়েছে, খেলাপি ঋণের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। শেখ হাসিনার শাসনামলে এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে যাওয়ার ঘটনা বিশেষভাবে আলোচিত। ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গ্রুপটির মালিক সাইফুল আলম মাসুদ সরকারের পতনের পর সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে আগের অভিযোগগুলো সাজানো হয়েছিল বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

ব্যাংক খাতের সংকটের প্রভাব পড়েছে বেসরকারি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগের সরকারের সময়ে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ।

এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানি সংকট, কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে।

ব্যাংক খাতের সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে। এই অর্থ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ২ শতাংশের সমান। তবে এত সহায়তার পরও ব্যাংক খাতের আর্থিক দুর্বলতা কাটেনি।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারও ব্যাংক খাতের সংকট মোকাবিলায় চ্যালেঞ্জের মুখে রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ব্যাংকগুলোর আর্থিক বিবরণী স্বচ্ছ করার চেষ্টা করছে। যেসব ভালো সম্পদ বা প্রকল্প সাময়িক সমস্যায় পড়েছে, সেগুলোর ঋণ পরিশোধে প্রয়োজনীয় সময় দেওয়া হবে।

তবে ব্যাংক খাতের সংস্কারে রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার আমলে ব্যাংক দখল ও ঋণ লুটপাটের অভিযোগের পর নতুন রাজনৈতিক শক্তির ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীগুলোও ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। ফলে ব্যাংক খাতের সংস্কার কতটা স্বাধীন ও স্বচ্ছভাবে করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। প্রতিবেদনে এক সাবেক সরকারি কর্মকর্তার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, ‘মৌলিকভাবে বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।’