অর্থ বাণিজ্য প্রতিবেদক : জরিমানা ও শাস্তির ভয় দেখানোর বদলে কর ছাড়ের প্রণোদনা দিয়ে করদাতাদের রিটার্ন জমায় উৎসাহিত করার সুফল পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কর প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০৪ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। গত বছর একই সময় পর্যন্ত এ খাতে আদায়ের পরিমাণ ছিল মাত্র ৩০৭ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কর আদায় বেড়েছে চার গুণেরও বেশি।

এনবিআরের পরিসংখ্যান ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : জরিমানা ও শাস্তির ভয় দেখানোর বদলে কর ছাড়ের প্রণোদনা দিয়ে করদাতাদের রিটার্ন জমায় উৎসাহিত করার সুফল পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কর প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩০৪ কোটি টাকার বেশি কর আদায় হয়েছে। গত বছর একই সময় পর্যন্ত এ খাতে আদায়ের পরিমাণ ছিল মাত্র ৩০৭ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কর আদায় বেড়েছে চার গুণেরও বেশি।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ২ লাখ ২১ হাজারের বেশি করদাতা কর প্রণোদনার সুবিধা নিয়েছেন। তাঁদের মধ্যে ৮৭ দশমিক ৪ শতাংশই আগের বছর নির্ধারিত সময়ের পর আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। অথচ এবার কর ছাড়ের সুযোগ পেয়ে তাঁরা প্রথম তিন মাসের মধ্যেই রিটার্ন জমা দিয়েছেন। তাঁদের মোট ৫২ কোটি ৯২ লাখ টাকার কর প্রণোদনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব বলেন, চলতি অর্থবছরে করদাতাদের অংশগ্রহণ, ই-রিটার্ন জমা এবং কর পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে আরও লক্ষ্যভিত্তিক ও সময়োপযোগী কর প্রণোদনা চালুর পরিকল্পনা রয়েছে। এতে স্বেচ্ছায় কর পরিশোধের সংস্কৃতি শক্তিশালী হওয়ার পাশাপাশি রাজস্ব আহরণেও ইতিবাচক ফল পাওয়া যাবে।

রিটার্ন জমার প্রবণতা বাড়াতে গত বাজেটে আয়কর আইনের ১৭৩ ধারায় পরিবর্তন এনে কর ছাড়ের ব্যবস্থা করে এনবিআর। নতুন বিধান অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তিশ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পান। আর ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর ছাড় বা জরিমানা কোনোটিই প্রযোজ্য হয় না।

তবে রিটার্ন জমার সময়সীমা আরও পিছিয়ে গেলে অতিরিক্ত কর দিতে হয়। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, তা অতিরিক্ত কর হিসেবে দিতে হয়। একইভাবে ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হয়।

এনবিআরের গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালে কর প্রণোদনা পাওয়া করদাতাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ৯৩৬ জনের আগের করবর্ষের ই-রিটার্নের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে মাত্র ১২ দশমিক ৬ শতাংশ আগের বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিয়েছিলেন। বাকি ৮৭ দশমিক ৪ শতাংশ ওই সময়ের পরে রিটার্ন জমা দেন। এবার তাঁরা প্রথম তিন মাসেই রিটার্ন জমা দিয়ে প্রণোদনা নিয়েছেন। অর্থাৎ কর ছাড়ের সুযোগ সময়মতো রিটার্ন জমায় উৎসাহ জুগিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।

প্রণোদনার বণ্টনেও সাধারণ করদাতাদের অংশগ্রহণ বেশি। মোট সুবিধাভোগীর ৮৭ দশমিক ৬ শতাংশ বা ১ লাখ ৯৪ হাজার ১০২ জন করদাতা ৫ হাজার টাকা বা তার কম কর ছাড় পেয়েছেন। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ১৮ কোটি ১৯ লাখ টাকা, যা মোট প্রণোদনার ৩৪ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে ২০ হাজার টাকার বেশি প্রণোদনা পেয়েছেন মাত্র ২ দশমিক ৬ শতাংশ করদাতা।

তবে কর ছাড়ের কারণে সরকারের নগদ অর্থপ্রাপ্তি বিলম্বিত হওয়ার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। এনবিআরের বিশ্লেষণ অনুযায়ী, প্রথম প্রান্তিকে ৯৯৬ কোটি ৫১ লাখ টাকার নগদ প্রাপ্তি বিলম্বিত হলে এবং বিকল্প অর্থের সংস্থান না থাকলে ৯০ দিনের জন্য সরকারের অতিরিক্ত সুদব্যয় হতে পারত আনুমানিক ২১ কোটি ৭০ লাখ টাকা। ফলে কর প্রণোদনা চালু রাখার পাশাপাশি সরকারের অর্থায়ন ব্যয় ও নগদ প্রবাহের বিষয়েও সতর্ক থাকতে হবে।

এনবিআরের গবেষণায় আগামী করবর্ষের জন্য কয়েকটি বিকল্প প্রস্তাব বিবেচনার কথা বলা হয়েছে। এর মধ্যে সময়মতো অগ্রিম কর পরিশোধ এবং রিটার্ন জমার সময় কর পরিশোধের ক্ষেত্রে পৃথক প্রণোদনার হার নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে দুই ক্ষেত্র মিলিয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়ার সীমা রাখার কথাও বলা হয়েছে।

এনবিআরের কর্মকর্তাদের মতে, করদাতাদের স্বেচ্ছায় কর পরিশোধে উৎসাহিত করা এবং সময়মতো রিটার্ন জমার প্রবণতা বাড়াতে তথ্যভিত্তিক নীতি গ্রহণ জরুরি। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, উপযুক্ত কর ছাড়ের ব্যবস্থা করদাতাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।