টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে দেশের শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে ৯৩ বিনিয়োগকারীর জব্দ থাকা কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্ত বাজারে নতুন করে আশার সঞ্চার করেছে। এমন পরিস্থিতিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছে। তবে সূচক বাড়লেও বুধবার এক্সচেঞ্জটিতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় ...

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০১ পয়েন্টে। এ নিয়ে টানা চার কার্যদিবস সূচকটি বাড়ল। বুধবারের অবস্থানটি গত ১ অক্টোবরের পর সর্বোচ্চ। এর আগে গত মঙ্গলবার সূচকটি ২৯ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট এবং রোববার ১৬ পয়েন্ট বেড়েছিল।
তবে সূচকের উত্থানের সঙ্গে তাল মেলাতে পারেনি লেনদেন। বুধবার ডিএসইতে ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯৩৯ কোটি ৭ লাখ টাকার। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন কমেছে ১১৯ কোটি ১৭ লাখ টাকা বা প্রায় ১৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানির মধ্যে ১৩৯টির বা ৩৭ দশমিক ৯৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৬৬টির বা ৪৫ দশমিক ৩৬ শতাংশের দাম কমেছে। আর ৬১টির বা ১৬ দশমিক ৬৭ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ, প্রধান মূল্যসূচক বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।
অন্যদিকে, বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানির মধ্যে ৮৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৫৯টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে।
এর আগের কার্যদিবসেও সিএসইতে সূচকের উত্থান হয়েছিল। সেদিন এক্সচেঞ্জটিতে ৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের পাশাপাশি সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছিল।