খেলাধুলা ডেস্ক :   ব্রাজিলের হয়ে গোল করে উদ্‌যাপনের সময় দুই হাতে উড়ন্ত চুমু ছুড়েছিলেন এনদ্রিক। তাঁর সেই উদ্‌যাপন যে বিশেষ কাউকে উৎসর্গ করা, তা বোঝা গিয়েছিল। ম্যাচ শেষে জানা গেল, ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ডের জীবনে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো বাবা হয়েছেন ২০ বছর বয়সী এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে এক ছেলেসন্তান। ছেলের নাম রেখেছেন কেনদ্রিক।

গতকাল সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ৩১ ...

খেলাধুলা ডেস্ক : ব্রাজিলের হয়ে গোল করে উদ্‌যাপনের সময় দুই হাতে উড়ন্ত চুমু ছুড়েছিলেন এনদ্রিক। তাঁর সেই উদ্‌যাপন যে বিশেষ কাউকে উৎসর্গ করা, তা বোঝা গিয়েছিল। ম্যাচ শেষে জানা গেল, ব্রাজিলিয়ান এই তরুণ ফরোয়ার্ডের জীবনে এসেছে নতুন অতিথি। প্রথমবারের মতো বাবা হয়েছেন ২০ বছর বয়সী এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে এক ছেলেসন্তান। ছেলের নাম রেখেছেন কেনদ্রিক।

গতকাল সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। গোলের পর দুই হাতে ভালোবাসার চিহ্ন এঁকে চুমু ছুড়ে দেন তিনি। পরে ম্যাচ শেষে স্পোরটিভিকে জানান, তাঁর স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন।

এনদ্রিক বলেন, ‘আমার স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে। আমাদের ঘরে এক ফুটফুটে ছেলেসন্তান এসেছে, আমার স্ত্রীও খুব খুশি। গোলটি ওর জন্যই ছিল, আমার স্ত্রীর জন্যও।’

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার পেছনেও স্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেছেন এনদ্রিক। মিরান্ডার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার দেশ ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি, যা এই পৃথিবীর সবচেয়ে দারুণ বিষয়গুলোর একটি। আর জাতীয় দলের হয়ে খেলতে যাঁরা আমাকে সবার আগে বলেছিলেন, ও (মিরান্ডা) তাঁদের একজন। এখন ও সেখানে থেকেই আমাদের ছেলের দেখাশোনা করছে।’

ছেলের নাম কেনদ্রিক রাখার পেছনেও রয়েছে পারিবারিক ইতিহাস। গত জুলাইয়ে মিরান্ডার বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও তাঁর স্ত্রী। তবে নামটি তাঁদের কাছে আরও বিশেষ। ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, এনদ্রিকের বাবা-মা তাঁর নাম কেনদ্রিক রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নাম রাখা হয় এনদ্রিক। এ প্রসঙ্গে এই ফুটবলার বলেছিলেন, ‘এটা আমার নাম হওয়ার কথা ছিল।’

নামটির মধ্যে ধর্মীয় তাৎপর্যও খুঁজে পান এনদ্রিক। তবে নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মার্কিন র‍্যাপার কেনদ্রিক লামারের সঙ্গে এর যোগসূত্র খুঁজেছেন। যদিও এনদ্রিক ও মিরান্ডা এমন কোনো সম্পর্কের কথা নিশ্চিত করেননি।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে চান না এনদ্রিক। ছেলের জন্মের খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজে প্রকাশ করেননি তিনি। নিজের পরিবারকে আড়ালে রাখার বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমার পরিবারকে মূল্যায়ন করতে হবে এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে হবে। আমি এমন এক মানুষ, যে শুধু নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলতে পছন্দ করি। দুর্ভাগ্যজনকভাবে সংবাদমাধ্যম বা ইন্টারনেট কেমন, তা আমরা জানি। আমি ব্যক্তিগত জীবনকে এক পাশে সরিয়ে রাখতে পছন্দ করি। ভবিষ্যতে সে (কেনদ্রিক) আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চাইবে কি না, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।’

এদিকে মাঠের বাইরের এই সুখবরের মধ্যেই এনদ্রিকের ক্লাব-ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। আগামী শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়াই এর কারণ বলে মনে করা হচ্ছে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে এনদ্রিক বলেন, ‘সিদ্ধান্তটি মরিনিওর (খেলার বিষয়ে)। রিয়ালকে সাহায্য করতে আমি সব সময়ই প্রস্তুত।’