ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
খেলাধুলা ডেস্ক : ছয়বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য ২০২৬ সালটা মোটেও ভালো যাচ্ছে না। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টানা দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে নতুন এক বিব্রতকর রেকর্ড গড়েছে দলটি। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৯০ রানের বেশি ব্যবধানে হারল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে আগের ম্যাচে ১৩৫ রানে হারের পর আজ হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানে হেরেছে মিচেল মার্শের দল। এই জয়ে তিন ম্যাচের ...
খেলাধুলা ডেস্ক : ছয়বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য ২০২৬ সালটা মোটেও ভালো যাচ্ছে না। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টানা দুই ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে নতুন এক বিব্রতকর রেকর্ড গড়েছে দলটি। নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৯০ রানের বেশি ব্যবধানে হারল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে আগের ম্যাচে ১৩৫ রানে হারের পর আজ হোবার্টে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৭ রানে হেরেছে মিচেল মার্শের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
হোবার্টে টসের পর আগে ব্যাটিং করতে নেমে ৪৮.৩ ওভারে ৩২৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেন বেন ডাকেট। ১১৫ বলের ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া উইল জ্যাকস ৫৯ ও টম ব্যান্টন ৪৪ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৪৬.৫ ওভারে ২৩১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ম্যাট রেনশ। ইংল্যান্ডের হয়ে ৪৫ রানে ৪ উইকেট নেন সনি বেকার।
অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস ইংল্যান্ডের খুব বেশি সমৃদ্ধ নয়। ১৯৭৪-৭৫ মৌসুমে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ইংলিশরা। এরপর ২০১৭-১৮ মৌসুমে এউইন মরগানের নেতৃত্বে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে দলটি। প্রায় নয় বছর পর এবার হ্যারি ব্রুকের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও সিরিজ জিতল ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ২০২৬ সালে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল দলটি। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলেও বাকি সিরিজগুলোতে ব্যর্থ হয়েছে তারা।
সব মিলিয়ে চলতি বছরে পাঁচটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের চারটিতেই হারল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগামী বছরই ওয়ানডে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলটির সামনে। তার আগে দলের এমন পারফরম্যান্স উদ্বেগ বাড়াচ্ছে।
