অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের আর্থিক হিসাব নিয়ে আপত্তি তুলেছেন নিরীক্ষক। কোম্পানিটির স্থায়ী সম্পদের অস্তিত্ব, মালিকানা ও মূল্য যাচাই করতে পারেননি নিরীক্ষক। পাশাপাশি এক বছরের বেশি সময় ধরে পড়ে থাকা দেড় কোটি টাকার বেশি পাওনা আদায় নিয়ে অনিশ্চয়তা, ব্যাংকঋণের দাবির বিপরীতে পর্যাপ্ত সঞ্চিতি না রাখা এবং দীর্ঘদিনের লোকসানে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের মূলধন ঋণাত্মক বা কোম্পানিটি নিট সম্পদ শুন্য হয়ে পড়েছে। এসব কারণে ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত ...

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপসের আর্থিক হিসাব নিয়ে আপত্তি তুলেছেন নিরীক্ষক। কোম্পানিটির স্থায়ী সম্পদের অস্তিত্ব, মালিকানা ও মূল্য যাচাই করতে পারেননি নিরীক্ষক। পাশাপাশি এক বছরের বেশি সময় ধরে পড়ে থাকা দেড় কোটি টাকার বেশি পাওনা আদায় নিয়ে অনিশ্চয়তা, ব্যাংকঋণের দাবির বিপরীতে পর্যাপ্ত সঞ্চিতি না রাখা এবং দীর্ঘদিনের লোকসানে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের মূলধন ঋণাত্মক বা কোম্পানিটি নিট সম্পদ শুন্য হয়ে পড়েছে। এসব কারণে ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক কোম্পানিটির অস্তিত্ব টিকিয়ে রাখার সম্ভাবনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

আজিজ পাইপসের ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে। কোম্পানিটির নিরীক্ষক এমডি আনোয়ার হোসেন এফসিএ।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির স্থায়ী সম্পদের পরিমাণ ২২ কোটি ৩৮ লাখ টাকা। কিন্তু কোম্পানির পূর্ণাঙ্গ স্থায়ী সম্পদ নিবন্ধন (ফিক্সড অ্যাসেট রেজিস্টার) না থাকায় এসব সম্পদের অস্তিত্ব, মালিকানা, মূল্য এবং বাস্তব অবস্থা যাচাই করতে পারেননি নিরীক্ষক। এমনকি পুনর্মূল্যায়ন পদ্ধতিতে দেখানো কিছু সম্পদ যথাসময়ে পুনর্মূল্যায়নও করা হয়নি। ফলে সম্পদের প্রকৃত মূল্য এবং অবচয়সহ সংশ্লিষ্ট হিসাবের সঠিকতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ধারাবাহিক লোকসানে কোম্পানিটির আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আজিজ পাইপসের পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। এতে শেয়ারহোল্ডারদের ইকুইটি বা নিট সম্পদ ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৪০ টাকা। এর সঙ্গে ব্যাংকের চলমান মামলা যুক্ত হয়ে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কোম্পানিটির মজুত পণ্যের পরিমাণও কমেছে। ২০২৬ সালের ৩০ জুন মজুত পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে কাঁচামাল রয়েছে ১ কোটি ৩৫ লাখ টাকা এবং প্রস্তুত পণ্য ৩৮ লাখ টাকা। নিরীক্ষক সরেজমিন যাচাইয়ে মজুত পণ্যের উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে অবিক্রীত বা ধীরগতিতে বিক্রি হওয়া পণ্য হিসেবে পেয়েছেন। এসব পণ্যের সম্ভাব্য বিক্রয়মূল্য বা নেট রিয়েলাইজেবল ভ্যালু (এনআরভি) যাচাই করতে পারেননি তিনি।

এদিকে কোম্পানিটির মোট পাওনার পরিমাণ ২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ৫৩ লাখ টাকা ৩৬৫ দিনের বেশি সময় ধরে অনাদায়ি পড়ে রয়েছে। অর্থাৎ মোট পাওনার অর্ধেকেরও বেশি এক বছরের বেশি সময় ধরে আদায় হয়নি। কিন্তু এসব পুরোনো পাওনার বিপরীতে কোনো সঞ্চিতি বা প্রভিশন রাখা হয়নি। নিরীক্ষককে গ্রাহকভিত্তিক লেজার ও পাওনার বয়সভিত্তিক তালিকাও সরবরাহ করেনি কোম্পানি কর্তৃপক্ষ। ফলে এসব পাওনার যথার্থতা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।

শুধু পাওনা নয়, কোম্পানিটির অগ্রিম ও জামানত হিসাব নিয়েও আপত্তি রয়েছে নিরীক্ষকের। ২০২৬ সালের ৩০ জুন এ খাতে ১ কোটি ৭২ লাখ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে সাধারণ অগ্রিম ২৬ লাখ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের অগ্রিম ২৬ লাখ টাকা। এসব অগ্রিমের একটি অংশ দীর্ঘদিন ধরে সমন্বয় করা হয়নি। পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও সরাসরি নিশ্চিতকরণ না পাওয়ায় এসব অর্থের যথার্থতা যাচাই করতে পারেননি নিরীক্ষক।

কোম্পানিটির ব্যাংকঋণ নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। উত্তরা ব্যাংকের কাছে আজিজ পাইপসের দীর্ঘমেয়াদি ঋণ ৫ কোটি ৭২ লাখ টাকা এবং ব্লক ঋণ ১৭ কোটি ১৭ লাখ টাকা। সব মিলিয়ে ব্যাংকটির কাছে কোম্পানির হিসাবে ঋণের পরিমাণ ২২ কোটি ৮৯ লাখ টাকা। তবে উত্তরা ব্যাংক সুদসহ ৭২ কোটি ৫১ লাখ টাকা দাবি করে মামলা করেছে। ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত হিসাব করা সুদসহ এ দাবি করা হয়েছে। ব্যাংকের দাবিকৃত অর্থের সঙ্গে কোম্পানির হিসাবে দেখানো ঋণের পার্থক্যের বিপরীতে কোনো সংস্থান রাখা হয়নি। ফলে প্রকৃত দায় কত, তা নিশ্চিত হতে পারেননি নিরীক্ষক।

একইভাবে ডাচ্-বাংলা ব্যাংকের ঋণ নিয়েও মামলা চলমান রয়েছে। কোম্পানির হিসাবে ব্যাংকটির দীর্ঘমেয়াদি ঋণ ৩ কোটি ৩২ লাখ টাকা এবং চলতি অংশ ৪ কোটি ১৮ লাখ টাকা। তবে ব্যাংকটি ২০২২ সালের ২০ অক্টোবর পর্যন্ত ৩৪ কোটি ৬ লাখ টাকা দাবি করে মামলা করেছে। ২০১৯ সালে ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং ৫ কোটি ৩ লাখ টাকা পরিশোধের পরও দাবিকৃত অর্থের সঙ্গে কোম্পানির হিসাবের পার্থক্যের বিপরীতে কোনো সংস্থান রাখা হয়নি। ফলে এ ঋণের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছেন নিরীক্ষক।

এ পরিস্থিতিতে কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে ‘ম্যাটেরিয়াল আনসার্টেনটি রিলেটেড টু গোয়িং কনসার্ন’ বা ব্যবসা অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার কথা উল্লেখ করেছেন নিরীক্ষক।

এছাড়া কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণ নিয়েও বিধি লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছেন নিরীক্ষক। তাদের হাতে কোম্পানিটির মাত্র ১১ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে। অথচ বিএসইসির নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করার বাধ্যবাধকতা রয়েছে।

শ্রম আইন পরিপালনেও ঘাটতি পেয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল বা ডব্লিউপিপিএফের ৭২ হাজার টাকা এখনো বিতরণ করা হয়নি। অথচ আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এ অর্থ বিতরণের বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি কোম্পানিটি নিজ খরচে এ তহবিলের বার্ষিক নিরীক্ষাও সম্পন্ন করেনি। এতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট বিধান পরিপালনে ঘাটতির বিষয়টি উঠে এসেছে।