উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : উৎপাদনের মূল ইউনিট বন্ধ, সম্পদ পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, মুনাফা কমছে, পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ ঋণাত্মক। এর মধ্যে সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা ২০ কোটি ৪২ লাখ টাকা অবলোপন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং লিমিটেড। এমনকি কোম্পানিটির মজুত পণ্যের হিসাবের যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। আর্থিক কর্মকাণ্ডের এমন একের পর এক অসংগতি ও অস্বাভাবিকতা খতিয়ে দেখতে এবার তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : উৎপাদনের মূল ইউনিট বন্ধ, সম্পদ পড়ে আছে অব্যবহৃত অবস্থায়, মুনাফা কমছে, পরিচালন কার্যক্রমে নগদ প্রবাহ ঋণাত্মক। এর মধ্যে সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা ২০ কোটি ৪২ লাখ টাকা অবলোপন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এমএল ডাইং লিমিটেড। এমনকি কোম্পানিটির মজুত পণ্যের হিসাবের যথার্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। আর্থিক কর্মকাণ্ডের এমন একের পর এক অসংগতি ও অস্বাভাবিকতা খতিয়ে দেখতে এবার তদন্তে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির উৎপাদন বন্ধের তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়েছিল কি না, আর্থিক ব্যয় কেন এক বছরে ১৭৭ শতাংশ বেড়েছে এবং দাবি না করা লভ্যাংশের অর্থ স্থানান্তরে কোনো অনিয়ম হয়েছে কি না, তাও অনুসন্ধান করা হবে।
এসব বিষয় অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটির সদস্যরা হলেন কমিশনের অতিরিক্ত পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক মো. তারিকুল ইসলাম ও মিজানুর রহমান। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ তদন্তের আদেশ জারি করা হয়।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
বিএসইসির আদেশ অনুযায়ী, এমএল ডাইংয়ের আর্থিক অনিয়মের অনুসন্ধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কোম্পানিটির মূল উৎপাদন ইউনিট বা ডাইং ইউনিট বন্ধ হয়ে যাওয়া। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ইউনিটটি বন্ধ থাকার তথ্য উঠে এসেছে। কেন উৎপাদনের মূল ইউনিট বন্ধ হয়েছে, সংশ্লিষ্ট সম্পদ কীভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং এর প্রভাবে কোম্পানির মুনাফা কেন কমেছে, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। একই সঙ্গে পরিচালন কার্যক্রম থেকে ঋণাত্মক নগদ প্রবাহের কারণ অনুসন্ধান করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উৎপাদন ইউনিট বন্ধ হওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের যথাযথভাবে মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) আকারে জানানো হয়েছিল কি না, সেটিও যাচাই করা হবে।
কোম্পানিটির আর্থিক ব্যয় বৃদ্ধির বিষয়টিও কমিশনের নজরে এসেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত নয় মাসে এমএল ডাইংয়ের আর্থিক ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৭৭ শতাংশ বেড়েছে। এত অল্প সময়ে আর্থিক ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কী কারণ রয়েছে, তা অনুসন্ধান করতে বলা হয়েছে কমিটিকে।
এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ও আরএন স্পিনিং মিলস লিমিটেডে করা ২০ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগ অবলোপনের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। এই বিনিয়োগ কেন অবলোপন করতে হয়েছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক হিসাবমান ও আর্থিক প্রতিবেদন মান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করে মতামত দিতে বলা হয়েছে।
এমএল ডাইংয়ের মজুত পণ্যের হিসাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কমিশন। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখানো মজুত পণ্যের পরিমাণ ও আর্থিক মূল্য যথাযথ কি না, তা যাচাই করতে হবে। এ জন্য কোম্পানিটির নিরীক্ষকের কাছ থেকে সংশ্লিষ্ট বিস্তারিত নিরীক্ষা কার্যপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে বিনিয়োগকারীদের দাবি না করা লভ্যাংশের হিসাবও খতিয়ে দেখা হবে। এসব লভ্যাংশের অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) স্থানান্তরের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা অনুসন্ধান করবে কমিটি।
কোম্পানিটির আর্থিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসা ও উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম চালু রাখার মতো আর্থিক সক্ষমতা রয়েছে কি না এবং কোম্পানিটি ‘গোয়িং কনসার্ন’ বা চলমান প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকার ঝুঁকিতে রয়েছে কি না, তা মূল্যায়ন করতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
নিরীক্ষকের প্রতিবেদনেও বিধিগত অসংগতির বিষয়টি সামনে এসেছে। ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আইনগত ও নিয়ন্ত্রকসংক্রান্ত অংশে বর্তমানে কার্যকর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০-এর পরিবর্তে আগের ১৯৮৭ সালের বিধিমালা উল্লেখ করা হয়েছে। কেন এমন হয়েছে, সে বিষয়ে নিরীক্ষকের ব্যাখ্যা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে কমিশন।
এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১০ আগস্ট ২০২৬ তারিখের প্রতিবেদনে উঠে আসা পর্যবেক্ষণগুলোও তদন্তের আওতায় থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা নিয়ে কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে তা তদন্ত প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করতে বলা হয়েছে।
