লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
খেলাধুলা ডেস্ক : ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচটির সূচি ঘোষণা করেছে।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান এমসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন বাংলাদেশ ও নেপালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও আয়োজন করা হবে। লর্ডসের ...
খেলাধুলা ডেস্ক : ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ৩ জুন নেপালের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচটির সূচি ঘোষণা করেছে।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান এমসিসি জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন বাংলাদেশ ও নেপালের ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে লর্ডসে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও আয়োজন করা হবে। লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই খেলার সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এমসিসি।
এর আগে আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে একটি টেস্ট খেলার সূচি রয়েছে বাংলাদেশের। এর মধ্য দিয়ে ১৭ বছর পর ঐতিহাসিক এই মাঠে টেস্ট খেলতে ফিরবে দলটি। অন্যদিকে ইংল্যান্ড সফরে নেপালের আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও খেলার কথা রয়েছে।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, ‘১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই এই ম্যাচটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবার লর্ডসে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর নেপালের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচটি আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।
নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ ম্যাচটিকে তাঁদের দেশের ক্রিকেটের জন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে লর্ডসে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।
