ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, সেনসেক্স ছাড়াল ৮৪ হাজার
টানা চতুর্থ সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে ভারতের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রায় ৯০০ পয়েন্ট বেড়েছে দেশটির প্রধান শেয়ারসূচক সেনসেক্স। এতে প্রায় ৯ মাস পর আবারও ৮৪ হাজার পয়েন্টের ঘর স্পর্শ করেছে সূচকটি। একই দিনে শক্তিশালী উত্থান হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রধান সূচক নিফটিরও।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ৮৯৭ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে অবস্থান করে। অন্যদিকে নিফটি ২৮৬ দশমিক ...
টানা চতুর্থ সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে ভারতের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রায় ৯০০ পয়েন্ট বেড়েছে দেশটির প্রধান শেয়ারসূচক সেনসেক্স। এতে প্রায় ৯ মাস পর আবারও ৮৪ হাজার পয়েন্টের ঘর স্পর্শ করেছে সূচকটি। একই দিনে শক্তিশালী উত্থান হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) প্রধান সূচক নিফটিরও।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ৮৯৭ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে অবস্থান করে। অন্যদিকে নিফটি ২৮৬ দশমিক ৩০ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে ২৮ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়ায়। শুক্রবারও বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। লেনদেনের একপর্যায়ে সেনসেক্স ৮৪ হাজার পয়েন্ট অতিক্রম করলেও পরে কিছুটা বিক্রির চাপে সূচকটি নিচে নেমে আসে।
বাজারসংশ্লিষ্টদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের ফিরে আসা এবং ভারতীয় মুদ্রা রুপির দর বাড়ার কারণে শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা থাকলেও সাম্প্রতিক সময়ে বিদেশি পুঁজি ফিরতে শুরু করেছে। পাশাপাশি ডলারের বিপরীতে রুপির দর বাড়ায় বিনিয়োগকারীদের আস্থাও বেড়েছে।
তবে বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারে বিক্রির চাপ এবং এশিয়ার অন্যান্য শেয়ারবাজারে দরপতন থাকলেও ভারতের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
বাজারের এই উত্থানে এক দিনেই বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূলধন ২ লাখ কোটি টাকার বেশি বেড়েছে। আগের কার্যদিবসে প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত বাজার মূলধন ছিল ৫১১ দশমিক ৯৭ লাখ কোটি রুপি। তা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ দশমিক ১৫ লাখ কোটি রুপিতে।
এদিন বিএসইতে ১ হাজার ৬৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২ হাজার ৫৩০টির এবং অপরিবর্তিত ছিল ২০০টি কোম্পানির শেয়ারের দাম।
নিফটির উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে অ্যাপোলো হসপিটালস, অ্যাক্সিস ব্যাংক, ম্যাক্স হেলথকেয়ার, এইচডিএফসি ব্যাংক ও মারুতি সুজুকির শেয়ার। অন্যদিকে টাইটান, টাটা স্টিল, এনটিপিসি, ইটার্নাল ও হিন্দুস্তান ইউনিলিভারের শেয়ারে দরপতন হয়েছে।
