নয় হাজার কোটি টাকার আইপিও আনছে কোল ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান
ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা মহানদী কোলফিল্ডস লিমিটেড (এমসিএল)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির ৮ হাজার ৯৮১ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ২৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
গত ১৯ নভেম্বর মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আইপিওর জন্য শেয়ারের মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ১২৯ থেকে ...
ভারতের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়ার সহযোগী সংস্থা মহানদী কোলফিল্ডস লিমিটেড (এমসিএল)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির ৮ হাজার ৯৮১ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ২৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
গত ১৯ নভেম্বর মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আইপিওর জন্য শেয়ারের মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ১২৯ থেকে ১৩৬ রুপি। সর্বোচ্চ দামে ৬৬ কোটি ১৮ লাখ শেয়ার বিক্রির মাধ্যমে ৮ হাজার ৯৮১ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
তবে এ আইপিও থেকে মহানদী কোলফিল্ডস সরাসরি কোনো অর্থ পাবে না। কারণ, পুরো শেয়ার বিক্রির প্রস্তাবটি (অফার ফর সেল) এনেছে প্রতিষ্ঠানটির মূল কোম্পানি কোল ইন্ডিয়া। ফলে শেয়ার বিক্রির সম্পূর্ণ অর্থ যাবে কোল ইন্ডিয়ার কাছে। আইপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটিতে কোল ইন্ডিয়ার মালিকানা ১০ শতাংশ কমবে।
আইপিওতে আবেদনের আগেই ৫৩ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৬ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ২৫৫টি শেয়ার বরাদ্দ করেছে মহানদী কোলফিল্ডস। প্রতিটি শেয়ারের বরাদ্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৬ রুপি। এর মাধ্যমে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের কাছ থেকে ২ হাজার ২৯৫ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাঙ্কর বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে লাইফ ইনস্যুরেন্স করপোরেশন অব ইন্ডিয়া (এলআইসি), নিপ্পন লাইফ ইন্ডিয়া ট্রাস্টি, আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি, ইনভেসকো মিউচুয়াল ফান্ড, টাটা মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড ও আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড। এর মধ্যে এলআইসিকে ৫৬৮ কোটি এবং নিপ্পন লাইফকে ৫০০ কোটি রুপির শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া দেশীয় ১১টি মিউচুয়াল ফান্ডের ২৯টি বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে মোট ৮ কোটি ৯৫ লাখ শেয়ার বরাদ্দ করা হয়েছে। যা অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা মোট শেয়ারের ৫৩ শতাংশ।
মহানদী কোলফিল্ডসের আইপিওতে সর্বনিম্ন ১১০টি শেয়ারের জন্য আবেদন করতে হবে। মোট শেয়ারের ৫০ শতাংশ যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১৫ শতাংশ অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য এবং বাকি ৩৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
আগামী ২৭ নভেম্বর বিএসই ও এনএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। তবে আইপিওতে বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অবস্থা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা।
কারণ, গত দুই বছরে মহানদী কোলফিল্ডসের আয় কমেছে। যদিও চলতি বছরে কোল ইন্ডিয়ার আরেক সহযোগী প্রতিষ্ঠান ভারত কোকিং কোল এবং সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটের শেয়ারবাজারে তালিকাভুক্তির পর শেয়ারদর আইপিও মূল্যের ওপরে রয়েছে, তবু একই ধরনের মুনাফার নিশ্চয়তা মহানদী কোলফিল্ডসের ক্ষেত্রে নেই। ফলে শুধু আইপিওর চাহিদা বা আগের প্রতিষ্ঠানের শেয়ারদরের উত্থান দেখে বিনিয়োগের সিদ্ধান্ত না নিয়ে কোম্পানির আয়, মুনাফা ও ভবিষ্যৎ ব্যবসার সম্ভাবনা বিবেচনা করা জরুরি।
