বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান স্পেসএক্সে বিনিয়োগ বাড়িয়েছে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে নতুন করে ৭৭ লাখ শেয়ার কিনেছে এনভিডিয়া। এতে স্পেসএক্সে প্রতিষ্ঠানটির মোট শেয়ারের সংখ্যা বেড়ে ১৩ কোটির বেশি হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ৭২০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে স্পেসএক্সের আরও ৭৭ লাখ শেয়ার কিনেছে এনভিডিয়া। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ...

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান স্পেসএক্সে বিনিয়োগ বাড়িয়েছে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে নতুন করে ৭৭ লাখ শেয়ার কিনেছে এনভিডিয়া। এতে স্পেসএক্সে প্রতিষ্ঠানটির মোট শেয়ারের সংখ্যা বেড়ে ১৩ কোটির বেশি হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ১ হাজার ৭২০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে স্পেসএক্সের আরও ৭৭ লাখ শেয়ার কিনেছে এনভিডিয়া। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেসএক্সে এনভিডিয়ার মোট শেয়ারের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটির বেশি। আগের প্রান্তিকের তুলনায় শেয়ারসংখ্যা বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ।

তবে শেয়ারসংখ্যা বাড়লেও বাজারদর কমায় বিনিয়োগের বর্তমান মূল্য কমেছে। শুক্রবার স্পেসএক্সের শেয়ারপ্রতি দাম ছিল ১৪০ ডলার। গত জুনের শেষ দিকে শেয়ারটির দাম ছিল ১৭০ দশমিক ৮৬ ডলার। ফলে স্পেসএক্সে এনভিডিয়ার বিনিয়োগের বাজারমূল্য কমে প্রায় ১ হাজার ৭২০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এতে এনভিডিয়ার প্রকাশিত শেয়ার বিনিয়োগের তালিকায় স্পেসএক্স দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে ইন্টেল। ইন্টেলে এনভিডিয়ার হাতে থাকা শেয়ারের বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। যদিও আগের প্রান্তিকের শেষে এর মূল্য ছিল প্রায় ৩ হাজার কোটি ডলার। এক বছরেরও কম সময় আগে ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছিল এনভিডিয়া।

ফ্যাক্টসেটের তথ্য অনুযায়ী, স্পেসএক্সের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী এনভিডিয়া। প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ইলন মাস্ক। তাঁর হাতে থাকা শেয়ারের বাজারমূল্য প্রায় ৮৫ হাজার কোটি ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা অ্যালফাবেটের শেয়ারের বাজারমূল্য প্রায় ৭ হাজার ৮০০ কোটি ডলার।

এদিকে স্পেসএক্সের এআই ডেটা সেন্টারে শুধু এনভিডিয়ার চিপ ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক। চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের আয় ঘোষণার সময় তিনি বলেন, এআই মডেল প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন এআইভিত্তিক সেবা পরিচালনায় এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করা হবে। তাঁর মতে, এসব কাজের জন্য এনভিডিয়ার প্রযুক্তি সবচেয়ে উপযোগী।

বিশ্লেষকদের দৃষ্টিতে, স্পেসএক্সের এআই ডেটা সেন্টারে এনভিডিয়ার চিপ ব্যবহারের পরিকল্পনা প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে। একদিকে স্পেসএক্সের এআই অবকাঠামো সম্প্রসারণে চিপ সরবরাহের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটিতে শেয়ার বিনিয়োগের মাধ্যমেও নিজেদের আর্থিক অংশীদারত্ব বাড়াচ্ছে এনভিডিয়া।