দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামা ও ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এ ঘটনায় আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকার মন্তব্যের সময় হেসে সায় দেওয়ায় কীর্তির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

কীর্তি জানান, রাধিকার মন্তব্যের সময় তিনি প্রথমে বিষয়টি ঠিকভাবে বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন, রাধিকা দক্ষিণ ভারতের একটি প্রচলিত বিয়ের রীতির কথা বলছেন। তাই তিনি ...

দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে মামা ও ভাগ্নির বিয়ের প্রচলিত রীতি নিয়ে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এ ঘটনায় আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশও। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকার মন্তব্যের সময় হেসে সায় দেওয়ায় কীর্তির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

কীর্তি জানান, রাধিকার মন্তব্যের সময় তিনি প্রথমে বিষয়টি ঠিকভাবে বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন, রাধিকা দক্ষিণ ভারতের একটি প্রচলিত বিয়ের রীতির কথা বলছেন। তাই তিনি শুধু ওই রীতির বিষয়ে তথ্য জানাতে চেয়েছিলেন।

সম্প্রতি নিজের নতুন ছবি ‘সত্যবান সাবিত্রী’র সাংবাদিক বৈঠকে এ বিষয়ে প্রশ্ন করা হয় কীর্তিকে। কেন রাধিকার মন্তব্যের প্রতিবাদ করেননি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাধিকা যখন জানিয়েছিলেন, একটি ছবিতে তাঁকে পর্দায় নিজের মামার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে, তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে বুঝতে পারেন, রাধিকা তাঁদের সংস্কৃতির একটি বিশেষ রীতির কথা বলছেন। সেই সংস্কৃতি সম্পর্কে তাঁর ধারণা না থাকায় কীর্তি বিষয়টি ব্যাখ্যা করেছিলেন।

কীর্তির ভাষ্য, দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে মামার সঙ্গে ভাগ্নির বিয়ের প্রচলন রয়েছে। এই রীতি ‘মামান কল্যাণম’ নামে পরিচিত। তবে কেরলে এমন প্রথা নেই। কর্নাটকে এ ধরনের রীতি প্রচলিত রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

কীর্তি আরও বলেন, উত্তর ভারতের কেউ দক্ষিণ ভারতের সংস্কৃতি সম্পর্কে না জানলে তাঁকে বিষয়টি বুঝিয়ে বলা যেতে পারে। কিন্তু কাউকে জোর করে কোনো বিষয় বিশ্বাস করানো বা কীভাবে কথা বলতে হবে, তা বলে দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। রাধিকাকেও তিনি শুধু প্রচলিত রীতিটি সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছিলেন, একটি তেলুগু ছবিতে তাঁকে নিজের মামাকে বিয়ে করার দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। বিষয়টি তাঁর কাছে অস্বস্তিকর ছিল এবং ছবিতে কাজ করার অভিজ্ঞতাও ভালো ছিল না বলে জানিয়েছিলেন অভিনেত্রী। ওই ছবিতে তাঁর মামার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা নন্দমুরি বালকৃষ্ণ।