শ্রমিকদের মুনাফার অংশ পরিশোধ না করা, বন্ডের দায়ের সত্যতা নিশ্চিত করতে না পারা, রাইট শেয়ারের অর্থের বিপরীতে ঋণ নেওয়া, অবণ্টিত লভ্যাংশ শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলে জমা না দেওয়া—একের পর এক গুরুতর বিষয় উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে। কোম্পানিটির প্রায় ৫০০ কোটি টাকার বিভিন্ন আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষকের আপত্তি ও উদ্বেগ রয়েছে। এর মধ্যে রয়েছে ৬২ কোটি টাকার বন্ড দায়, ৭০ কোটি টাকার দীর্ঘদিনের মূলধনি কাজ, ...

শ্রমিকদের মুনাফার অংশ পরিশোধ না করা, বন্ডের দায়ের সত্যতা নিশ্চিত করতে না পারা, রাইট শেয়ারের অর্থের বিপরীতে ঋণ নেওয়া, অবণ্টিত লভ্যাংশ শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলে জমা না দেওয়া—একের পর এক গুরুতর বিষয় উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে। কোম্পানিটির প্রায় ৫০০ কোটি টাকার বিভিন্ন আর্থিক হিসাব নিয়ে নিরীক্ষকের আপত্তি ও উদ্বেগ রয়েছে। এর মধ্যে রয়েছে ৬২ কোটি টাকার বন্ড দায়, ৭০ কোটি টাকার দীর্ঘদিনের মূলধনি কাজ, ১৫৫ কোটি টাকার পাওনা এবং ১৮২ কোটি টাকার স্থায়ী সম্পদ। পাশাপাশি কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠানের ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়েও গুরুতর অনিশ্চয়তা দেখেছেন নিরীক্ষক।

২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক কে এম আলম অ্যান্ড কোম্পানির অংশীদার এম বেলায়েত হোসেন এফসিএ।

এসব বিষয়ে জানতে গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর সচিব মো. ইব্রাহিম হোসাইনকে ফোন দিলেও রিসিভ করেননি।

নিরীক্ষকের প্রতিবেদনে সবচেয়ে গুরুতর আপত্তিগুলোর একটি শ্রমিকদের মুনাফার অংশগ্রহণ তহবিল নিয়ে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্ধারিত অনুপাতে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু কোম্পানিটি ২০১৮-১৯ অর্থবছর থেকে এ তহবিলের বিপরীতে কোনো অর্থ পরিশোধ করেনি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এ খাতে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ৯৬২ টাকা।

অন্যদিকে, কোম্পানিটির ৬২ কোটি ৫ লাখ ২২ হাজার ৮৮৩ টাকার বন্ড দায়ের সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক। এ বিষয়ে বিনিয়োগকারী ও ট্রাস্টির কাছে হিসাব নিশ্চিতকরণের চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। ফলে বন্ডের দায়ের প্রকৃত পরিমাণ যাচাই করার মতো নির্ভরযোগ্য প্রমাণ পাননি তিনি।

কোম্পানিটির রাইট শেয়ারের অর্থ ব্যবহারের বিষয়টিও নিরীক্ষকের উদ্বেগের কারণ হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাইট শেয়ারের অবশিষ্ট অর্থ ও এফডিআরের সুদসহ ২২ কোটি ২৬ লাখ ৫১ হাজার টাকা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পান্থপথ শাখায় জমা ছিল। তবে ওই এফডিআরের বিপরীতে কোম্পানিটি ১৯ কোটি ৮০ লাখ টাকা ঋণ নিয়েছিল। ৩০ জুন পর্যন্ত ঋণের স্থিতি ছিল ১৯ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকা। পরবর্তী সময়ে ২ আগস্ট ব্যাংকটি এফডিআরের অর্থ সমন্বয় করে ঋণ আদায় করে নেয়।

এ ছাড়া কোম্পানিটির ৬৯ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকার মূলধনি কাজ দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। আগের অর্থবছরেও এ খাতে একই পরিমাণ অর্থ দেখানো হয়েছিল। এর মধ্যে সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের রয়েছে ৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা।

কোম্পানিটির পাওনা ও দেনার হিসাব নিয়েও নিরীক্ষকের আপত্তি রয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ও অন্যান্য পাওনা দেখানো হয়েছে ১৫৫ কোটি ৫ লাখ ৭১ হাজার টাকা। অন্যদিকে, বিভিন্ন হিসাব ও অন্যান্য দেনা রয়েছে ২৬ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে নিশ্চিতকরণ চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। ফলে এসব পাওনা ও দেনার সঠিকতা যাচাই করতে পারেননি নিরীক্ষক।

এদিকে, কোম্পানিটির স্থায়ী সম্পদের বহনমূল্য ১৮২ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকা। কিন্তু সম্পদের সঠিক হিসাব সংরক্ষণ ও পর্যবেক্ষণের জন্য ইলেকট্রনিক অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর কাজ এখনো চলমান। সম্পদের নিবন্ধনও পুরোপুরি হালনাগাদ করা হয়নি। একই সঙ্গে কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে ২৯ কোটি ৪১ লাখ ১ হাজার টাকার স্থগিত কর সম্পদ দেখানো হয়েছে। কিন্তু অতীত ও চলতি সময়ে লোকসান থাকায় ভবিষ্যতে পর্যাপ্ত করযোগ্য আয় তৈরি করে এ সম্পদ সমন্বয় করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কোম্পানিটির অবণ্টিত লভ্যাংশ নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অবণ্টিত লভ্যাংশের পরিমাণ ৫৬ লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ৪৮ লাখ ৫৪ হাজার টাকা রয়েছে। তিন বছরের বেশি সময় ধরে দাবি না করা লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তরের বিধান থাকলেও কোম্পানিটি ওই অর্থ স্থানান্তর করেনি।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট ডেইরি লিমিটেডের। প্রতিষ্ঠানটির বিপুল পুঞ্জীভূত লোকসান, ঋণাত্মক ইকুইটি, উচ্চ ঋণনির্ভরতা এবং ঋণাত্মক নিট সম্পদমূল্যের কারণে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে গুরুতর অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। পাশাপাশি সম্পদের মূল্যহ্রাসের আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান কিউএসআর লিমিটেডে ৪ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৫২ টাকা বিনিয়োগের হিসাবও যাচাই করতে পারেননি নিরীক্ষক। প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন না পাওয়ায় বিনিয়োগের প্রকৃত মূল্য এবং মুনাফা-লোকসানে কোম্পানির অংশ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। একই সমস্যা রয়েছে গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিমের সহযোগী প্রতিষ্ঠান কোল্ড চেইন বাংলাদেশ লিমিটেডের ক্ষেত্রেও।

সব মিলিয়ে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ হিসাবের সত্যতা, অর্থের ব্যবহার এবং সহযোগী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) ঋণাত্মক ৫৭ পয়সা হয়েছে।