দেশের শেয়ারবাজারে প্রকৃত বিনিয়োগকারীর চেয়ে স্বল্পমেয়াদি মুনাফার আশায় ট্রেডিং করা মানুষের সংখ্যা বেশি। গুজব, কারসাজি ও দুর্বল কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের প্রবণতা ছেড়ে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফিরতে হবে। বিনিয়োগ ধরে রাখতে হবে অন্তত তিন থেকে পাঁচ বছর।

এমন পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন। তাঁর মতে, দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে ...

দেশের শেয়ারবাজারে প্রকৃত বিনিয়োগকারীর চেয়ে স্বল্পমেয়াদি মুনাফার আশায় ট্রেডিং করা মানুষের সংখ্যা বেশি। গুজব, কারসাজি ও দুর্বল কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের প্রবণতা ছেড়ে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ফিরতে হবে। বিনিয়োগ ধরে রাখতে হবে অন্তত তিন থেকে পাঁচ বছর।

এমন পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আল-আমিন। তাঁর মতে, দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে আস্থার সংকটে রয়েছে। বাজারের প্রায় ৫০ শতাংশ কোম্পানি ‘জেড’ শ্রেণিভুক্ত। এমনকি ২৪ থেকে ২৬ বছর ধরে বন্ধ থাকা কোম্পানির শেয়ারের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে বাজারে বিনিয়োগের পরিবর্তে জল্পনা ও কারসাজির প্রবণতা বাড়ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, মার্জিন ঋণ, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি, বন্ধ কোম্পানির শেয়ার, বাইব্যাক আইন এবং বাজারের সংস্কার নিয়ে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আল-আমিন বলেন, অতীতে ধারাবাহিক লেনদেন, অভ্যন্তরীণ তথ্য ব্যবহার এবং কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হয়েছে। নতুন সরকার, পুঁজিবাজারবান্ধব অর্থমন্ত্রী ও অভিজ্ঞ কমিশন নিয়ে বিনিয়োগকারীদের অনেক প্রত্যাশা থাকলেও তা এখনো পূরণ হয়নি। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তথ্যের উন্নতি, পরিবর্তন করা যায় না এমন ব্যাক-অফিস সফটওয়্যার চালু এবং সিডিবিএল থেকে মোবাইলে পোর্টফোলিওর তথ্য পাঠানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

মার্জিন ঋণ সহজ করায় অপব্যবহারের ঝুঁকি

মার্জিন ঋণের নীতিমালা শিথিল করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক আল-আমিন বলেন, তারল্য বাড়ানোর চাপে নিয়ন্ত্রক সংস্থা টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী ১০ লাখ টাকা পুঁজি ও এক বছরের অভিজ্ঞতার শর্ত কমিয়ে ৩ লাখ টাকা পুঁজি এবং ছয় মাসের অভিজ্ঞতা নির্ধারণ করেছে। বিশ্বব্যাপী মার্জিন ঋণ মূলত স্বল্পমেয়াদি লেনদেনের জন্য ব্যবহৃত হলেও বাংলাদেশে এ ঋণ নিয়ে দীর্ঘদিন শেয়ার ধরে রাখার প্রবণতা তৈরি হয়েছে। এর ফলে বাজারে প্রায় ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকার ঋণাত্মক ইকুইটি তৈরি হয়েছে। কঠোর নজরদারি ছাড়া ঋণের সুবিধা সহজ করা হলে আবারও অপব্যবহারের আশঙ্কা রয়েছে।

বাজারে বিনিয়োগকারীর চেয়ে ট্রেডার বেশি

বাজারে সফল বিনিয়োগকারীর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রকৃত বিনিয়োগকারী খুব কম। অধিকাংশই স্বল্পমেয়াদি লেনদেনের মাধ্যমে মুনাফা করতে চান। আর যারা কারসাজি করে মুনাফা করেন, তাঁরা মূলত বাজার কারসাজিকারী। অন্যদিকে, গুজবে কান না দিয়ে কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে সফল হওয়ার সুযোগ বেশি।

এ প্রসঙ্গে বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের বিনিয়োগ দর্শনের উদাহরণ দিয়ে তিনি বলেন, সবাই যখন কোনো শেয়ার কেনার পরামর্শ দেয়, তখন সেটি বিক্রির সময়।

নজরদারির বিরোধিতা ব্যক্তিস্বার্থে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরদারি নিয়ে ব্রোকারদের বিরোধিতার সমালোচনা করে অধ্যাপক আল-আমিন বলেন, নীতিমালা তৈরির সময় ব্রোকাররাই কঠোর নজরদারির কথা বলেন। কিন্তু ব্যক্তিস্বার্থে আঘাত লাগলে সেটিকে হয়রানি হিসেবে আখ্যা দেন। অস্বাভাবিক লেনদেন হলে নিয়ন্ত্রক সংস্থার অবশ্যই প্রশ্ন করার অধিকার রয়েছে।

আগের কমিশনের করা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ কোটি টাকার জরিমানার পেছনে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে করপোরেট জালিয়াতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সার্টিফিকেট আদালতের দীর্ঘসূত্রতা কাটিয়ে আলাদা বেঞ্চ ও বিভাগ গঠন করা প্রয়োজন।

গুজবে দুর্বল শেয়ারের দরবৃদ্ধি ঠেকাতে হবে

বন্ধ কারখানা চালুর জন্য বাজেটে অর্থ বরাদ্দ কিংবা নতুন মিউচুয়াল ফান্ড গঠনের খবরে দুর্বল কোম্পানি ও ফান্ডের শেয়ারের দাম বাড়ার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।

অধ্যাপক আল-আমিন বলেন, এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের অজ্ঞতা ও নিয়ন্ত্রক সংস্থার ধীরগতি—দুটিই দায়ী। বাজেটের তহবিল তালিকাভুক্ত কোম্পানির জন্য নয়। একইভাবে নতুন মিউচুয়াল ফান্ড গঠনের খবরে পুরোনো দুর্বল ফান্ডের দাম বাড়ার কোনো যুক্তি নেই। বিনিয়োগকারীরা না জেনে গুজবের ভিত্তিতে বিনিয়োগ করেন। পরে লোকসান হলে অন্যকে দায়ী করেন। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কমিশনের উচিত প্রযুক্তির মাধ্যমে শুরুতেই তা নিয়ন্ত্রণ করা।

বন্ধ কোম্পানির শেয়ার কিনে নেওয়ার দাবি অযৌক্তিক

বন্ধ কোম্পানির শেয়ার তালিকাচ্যুত করা এবং বাইব্যাক আইন প্রণয়নের দাবি প্রসঙ্গে অধ্যাপক আল-আমিন বলেন, নিয়ম অনুযায়ী কোনো কোম্পানিকে তালিকাচ্যুত করতে হলে সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা সব শেয়ার কিনে নিতে হয়। কিন্তু অনেক বন্ধ কোম্পানির মালিক পলাতক থাকায় তা বাস্তবায়ন কঠিন।

বাইব্যাক নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে ভুল ধারণা রয়েছে। প্রকৃত অর্থে বাইব্যাক হলো লাভজনক কোম্পানির নিজস্ব রিজার্ভ থেকে বাজারে অবমূল্যায়িত শেয়ার কিনে নেওয়া। দেউলিয়া বা বন্ধ কোম্পানির মালিকেরা ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার কিনে নেবেন—এমন ধারণা অযৌক্তিক।

ব্যাক-অফিসে কারসাজি বন্ধে নতুন ব্যবস্থা

ব্রোকারেজ হাউসের ব্যাক-অফিস সফটওয়্যারে কারসাজি ঠেকাতে নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, অতীতে সফটওয়্যারে কারসাজি করে অনেক বিনিয়োগকারীকে সর্বস্বান্ত করা হয়েছে। এ ধরনের ঘটনা বন্ধে ব্যাক-অফিস সফটওয়্যার পরিবর্তন-অযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোনো তথ্য মুছে ফেলা বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না। প্রয়োজন হলে শুধু সংশোধনী এন্ট্রি দেওয়া যাবে।

পাশাপাশি মাস শেষে সিডিবিএল থেকে সরাসরি বিনিয়োগকারীদের মোবাইলে পোর্টফোলিওর তথ্য পাঠানোর ব্যবস্থা চালু হয়েছে। এতে ব্রোকারেজ হাউস কেউ ভুয়া পোর্টফোলিও দেখালে বিনিয়োগকারীরা প্রকৃত তথ্য যাচাই করতে পারবেন।

তিন থেকে পাঁচ বছরের বিনিয়োগের পরামর্শ

সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশে অধ্যাপক আল-আমিন বলেন, স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের প্রবণতা বাদ দিতে হবে। কোন কোম্পানির ব্যবসা বাড়ছে, মুনাফা কেমন এবং নিয়মিত লভ্যাংশ দেওয়ার সক্ষমতা রয়েছে কি না—এসব বিষয় যাচাই করে বিনিয়োগ করতে হবে। শেয়ার কেনার পর অন্তত তিন থেকে পাঁচ বছর ধরে রাখার মানসিকতা তৈরি করতে হবে।

তাঁর মতে, সঠিক জ্ঞান, কোম্পানির মৌলভিত্তি বিশ্লেষণ ও ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারলে শেয়ারবাজার থেকে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বা বন্ডের চেয়েও বেশি মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।