এক প্রকল্পের কাজ অন্যটিতে নিতে চায় সরকার, চীনা প্রতিষ্ঠানের আপত্তি
চলমান একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ নতুন আরেকটি প্রকল্পে স্থানান্তরের উদ্যোগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নাগরিক নিবন্ধন ও জন্ম-মৃত্যু পরিসংখ্যান (সিআরভিএস) কার্যক্রম ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প থেকে বাদ দিয়ে নতুন ডি-স্টার প্রকল্পে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের কাজের পুনরাবৃত্তি, বাস্তবায়নে সমন্বয়হীনতা এবং চীনের ঋণ সহায়তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে প্রকল্পটির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ।
এ বিষয়ে প্রকল্পের মূল পরিধি ও অখণ্ডতা বজায় রাখার ...
চলমান একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ নতুন আরেকটি প্রকল্পে স্থানান্তরের উদ্যোগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নাগরিক নিবন্ধন ও জন্ম-মৃত্যু পরিসংখ্যান (সিআরভিএস) কার্যক্রম ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প থেকে বাদ দিয়ে নতুন ডি-স্টার প্রকল্পে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের কাজের পুনরাবৃত্তি, বাস্তবায়নে সমন্বয়হীনতা এবং চীনের ঋণ সহায়তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে প্রকল্পটির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ।
এ বিষয়ে প্রকল্পের মূল পরিধি ও অখণ্ডতা বজায় রাখার অনুরোধ জানিয়ে গত ১২ নভেম্বর পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির কাছে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। চিঠিতে বলা হয়েছে, ইডিসি প্রকল্প থেকে সিআরভিএসসহ অন্যান্য উপাদান বাদ দিয়ে ডি-স্টার প্রকল্পে স্থানান্তর করা হলে একনেক অনুমোদিত প্রকল্পের মূল পরিকল্পনায় পরিবর্তন আসবে। এতে নতুন করে মূল্যায়ন, নথিপত্র সংশোধন এবং বাংলাদেশ সরকার ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে আলোচনা প্রয়োজন হতে পারে। ফলে চলমান ঋণ আলোচনা ও পুরো প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে পরিকল্পনা কমিশন জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চিঠি অনুযায়ী, চীন-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বের আওতায় গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ডিজিটাল অবকাঠামো উদ্যোগ হিসেবে ইডিসি প্রকল্প নেওয়া হয়। ২০২১ সালের ২৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখা হয় সিআরভিএস কার্যক্রম।
২০২৩ সালের ১৪ এপ্রিলের আনুষ্ঠানিক বিল অব কোয়ান্টিটিজ অনুযায়ী, সিআরভিএসের অবকাঠামো প্যাকেজ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৬ ডলার। এ অর্থ অনুমোদিত চীনা অগ্রাধিকারমূলক ক্রেতাঋণের আওতাভুক্ত।
সিআরভিএস কার্যক্রমের আওতায় ইউনিয়ন পর্যায়ের সেবাকেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতিতে নাগরিকদের নিবন্ধন, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, নথিপত্রের নিরাপদ কেন্দ্রীয় সংরক্ষণ এবং জাতীয় নাগরিক পরিচয়সংক্রান্ত তথ্যের দুর্যোগকালীন পুনরুদ্ধার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ অবকাঠামোর মাধ্যমে সমন্বিত সেবা প্রদান প্ল্যাটফর্ম পরিচালিত হওয়ার কথা। এর আওতায় দেশব্যাপী জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।
চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ কোম্পানি লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ঝাং জিয়াওলিয়াং চিঠিতে বলেন, ইডিসি প্রকল্প থেকে সিআরভিএস বাদ দিয়ে এর কার্যক্রম পৃথক ডি-স্টার প্রকল্পে নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করছে। অথচ ইডিসি প্রকল্পের অনুমোদিত কাঠামোর মধ্যে সিআরভিএস অন্তর্ভুক্ত রয়েছে। এটি বাদ দিলে প্রকল্পের মূল ভিত্তি পরিবর্তিত হবে। ফলে পুনর্মূল্যায়ন ও নথিপত্র সংশোধনের পাশাপাশি চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে নতুন করে আন্তসরকারি আলোচনা প্রয়োজন হতে পারে।
চিঠিতে আরও বলা হয়েছে, ডি-স্টার প্রকল্পটি এখনো পরিকল্পনা কমিশনের অভ্যন্তরীণ মূল্যায়নের পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক অনুমোদনের আগে সিআরভিএসের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম সেখানে স্থানান্তর করা হলে জাতীয় নাগরিক নিবন্ধন কর্মসূচির বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
এ ছাড়া একই নিবন্ধন ব্যবস্থার বিভিন্ন অংশ দুটি পৃথক প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হলে সমন্বয়ের জটিলতা তৈরি হবে। ভিন্ন দুটি সংস্থা সিস্টেমের আলাদা অংশ সরবরাহ করলে এর পরীক্ষা, চালু করা, হস্তান্তর এবং পরবর্তী পরিচালনার ক্ষেত্রে দায়দায়িত্ব নির্ধারণ কঠিন হতে পারে। এতে পুরো ব্যবস্থার কার্যকারিতা ও পরিচালনায় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
এসব ঝুঁকি বিবেচনায় সিআরভিএসসহ একনেক অনুমোদিত ইডিসি প্রকল্পের মূল কাঠামো অপরিবর্তিত রাখার অনুরোধ জানিয়েছে চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ। প্রতিষ্ঠানটির মতে, এতে প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া সচল রাখা, অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা এড়ানো, আন্তপ্রকল্প সমন্বয়ের ঝুঁকি কমানো এবং চীনের এক্সিম ব্যাংকের ঋণ আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে।
