ছয় দিনে সূচক বাড়ল ১১২ পয়েন্ট, লেনদেন ১২০০ কোটি ছাড়াল
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। টানা ছয় কার্যদিবস ধরে বাড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক। একই সঙ্গে বাড়ছে লেনদেনের গতিও। এরই ধারাবাহিকতায় প্রায় সাড়ে তিন মাস পর ডিএসইতে এক দিনে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। বাজারে ক্রমবর্ধমান এই ইতিবাচক প্রবণতায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন জব্দ থাকা ৯৩ বিনিয়োগকারীর কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ...
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। টানা ছয় কার্যদিবস ধরে বাড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক। একই সঙ্গে বাড়ছে লেনদেনের গতিও। এরই ধারাবাহিকতায় প্রায় সাড়ে তিন মাস পর ডিএসইতে এক দিনে লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা। বাজারে ক্রমবর্ধমান এই ইতিবাচক প্রবণতায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন জব্দ থাকা ৯৩ বিনিয়োগকারীর কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্ত বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯৫ পয়েন্টে। এর মধ্য দিয়ে টানা ছয় কার্যদিবস ধরে সূচকটির উত্থান অব্যাহত রয়েছে। এর আগে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার সূচকটি ৫ পয়েন্ট, বুধবার ৯ পয়েন্ট, মঙ্গলবার ২৯ পয়েন্ট, সোমবার ৩ পয়েন্ট এবং রোববার ১৬ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ, টানা ছয় কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে মোট ১১২ পয়েন্ট।
সূচকের ধারাবাহিক উত্থানের পাশাপাশি বাজারে লেনদেনেও উল্লেখযোগ্য গতি ফিরেছে। রবিবার ডিএসইতে ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৬৪ লাখ টাকার। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা বা প্রায় ৬৩ শতাংশ। শুধু তাই নয়, রবিবারের এই লেনদেন গত ৩ আগস্টের পর সর্বোচ্চ। অর্থাৎ, প্রায় সাড়ে তিন মাস পর ডিএসইতে এক দিনে লেনদেন আবারও ১ হাজার ২০০ কোটি টাকা ছাড়াল।
বাজারের এই ইতিবাচক প্রবণতা শুধু সূচক ও লেনদেনেই সীমাবদ্ধ থাকেনি, অধিকাংশ কোম্পানির শেয়ারদরেও এর প্রতিফলন দেখা গেছে। রবিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে ২১২টির বা ৫৬ দশমিক ৮৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১০৫টির বা ২৮ দশমিক ১৫ শতাংশের দাম কমেছে। আর ৫৬টির বা ১৫ দশমিক ০১ শতাংশের দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ, এদিন দরপতনের তুলনায় দ্বিগুণেরও বেশি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে বাজারের সামগ্রিক উত্থানে ব্যাপকসংখ্যক কোম্পানির অংশগ্রহণের বিষয়টি স্পষ্ট হয়েছে।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান অব্যাহত রয়েছে। রবিবার সিএসইতে ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি কোম্পানির মধ্যে ১১০টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে কমেছে ৫১টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দর। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৪ পয়েন্টে।
এর আগের কার্যদিবস বৃহস্পতিবারও সিএসইতে সূচকের উত্থান হয়েছিল। সেদিন এক্সচেঞ্জটিতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেনের পাশাপাশি সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছিল। ফলে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের ধারাবাহিক উত্থান বাজারে ইতিবাচক পরিবেশ তৈরির ইঙ্গিত দিচ্ছে।
