খেলাধুলা ডেস্ক : প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তাঁর মাথায় বল ছুড়ে মারলেন লিওনেল মেসি। এমন আচরণের পরও লাল কার্ড দেখতে হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে। তবে রেফারির কাছ থেকে হলুদ কার্ড পেয়েছেন তিনি।

এমএলএস কাপের প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছেন মেসি। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে থ্রো-ইন নেওয়াকে কেন্দ্র করে কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার গঞ্জালো তাপিয়ার সঙ্গে বিরোধে জড়ান তিনি।

ঘটনার শুরু থ্রো-ইন নেওয়ার সময়। সীমানার বাইরে দাঁড়িয়ে থ্রো-ইন নেওয়ার ...

খেলাধুলা ডেস্ক : প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তাঁর মাথায় বল ছুড়ে মারলেন লিওনেল মেসি। এমন আচরণের পরও লাল কার্ড দেখতে হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে। তবে রেফারির কাছ থেকে হলুদ কার্ড পেয়েছেন তিনি।

এমএলএস কাপের প্লে-অফে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছেন মেসি। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে থ্রো-ইন নেওয়াকে কেন্দ্র করে কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার গঞ্জালো তাপিয়ার সঙ্গে বিরোধে জড়ান তিনি।

ঘটনার শুরু থ্রো-ইন নেওয়ার সময়। সীমানার বাইরে দাঁড়িয়ে থ্রো-ইন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। এ সময় তাঁর পাশে দাঁড়িয়ে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন তাপিয়া। প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন মেসি। এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে তাঁর মাথা লক্ষ্য করে বল ছুড়ে মারেন আর্জেন্টাইন অধিনায়ক।

বল মাথায় লাগার পরই মাটিতে পড়ে যান তাপিয়া। অন্যদিকে দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করতে থাকেন মেসি। তবে ঘটনাটি এড়িয়ে যাননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। মেসি ও তাপিয়া দুজনকেই হলুদ কার্ড দেখান তিনি।

ম্যাচের শুরু থেকেই অবশ্য চাপে ছিল ইন্টার মায়ামি। পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামির রাইটব্যাক গঞ্জালো লুহান। ফলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে কলম্বাস। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিডফিল্ডার তাহা হারব্রুন। এর ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে মায়ামির হারের ব্যবধান আরও বাড়িয়ে দেন তাপিয়া। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস।

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। তবে এবার প্লে-অফ থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে দলটি। শেষ আটে জায়গা করে নিতে হলে ওহাইওতে পরের ম্যাচে জিততেই হবে মেসিদের। ম্যাচটি ড্র হলে সরাসরি টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।

যুক্তরাষ্ট্রে মেসির আগের তিন মৌসুমের পারফরম্যান্সেও ধারাবাহিকতার ঘাটতি ছিল। ২০২৩ সালে প্লে-অফে উঠতে পারেনি মায়ামি। পরের বছর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাদের। ২০২৫ সালের শিরোপা জয়ের পর এবারও কি সেই পুরোনো ব্যর্থতার পুনরাবৃত্তি হবে?